সৌরভের সঞ্চালনায় আসছে ‘বিগ বস বাংলা’! ঘরের অন্দরে কি মুখোমুখি হচ্ছেন বিতর্কিত সায়ক ও স্যান্ডি?

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আগামী ৩১ আগস্ট থেকে বাংলা টেলিভিশনের পর্দায় মহাসমারোহে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘বিগ বস’ (Bigg Boss Bangla)। আর এই শো-এর সঞ্চালক হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন বাংলার নিজের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা ভারতীয় দলের প্রাক্তন সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শোয়ের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই টলিপাড়ায় জল্পনা শুরু হয়েছে যে, এবারের সংস্করণে প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী এবং স্যান্ডি সাহার নাম।
বিগ বসের ঘরে সায়ক চক্রবর্তী? কী বলছেন অভিনেতা?
দিনকয়েক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে যে, এবারের ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিচ্ছেন সায়ক চক্রবর্তী। যখন তাঁকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি হেসে জানান, এমন কোনো খবর তাঁর কাছে নেই। তবে সঙ্গে এও যোগ করেন, “যদি যাইও, তবে বিষয়টা খুব কঠিন হতে চলেছে আমার জীবনে। আমি তো বোধহয় ভয়ে এক কোণেই পড়ে থাকব!” সায়কের এই রাখঢাক রাখা উত্তর জল্পনাকে আরও উসকে দিয়েছে। নিজের জীবনে কাকে ‘বস’ ভাবেন—এমন প্রশ্নে সপাটে সায়কের উত্তর, “নিজেকেই।”
এই মুহূর্তে বড় বা ছোট পর্দায় সেভাবে দেখা মিলছে না তাঁর। নানা বিতর্ক ও সমালোচনাকে সঙ্গী করেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন সায়ক। কাজ না থাকা প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করেই চলছেন এবং নিজের অভিনয় দক্ষতা বাড়াতে গ্রুমিং চালিয়ে যাচ্ছেন।
পুরনো বন্ধু থেকে ‘চোখের বালি’, মুখোমুখি কি সায়ক-স্যান্ডি?
‘বিগ বস’ প্রসঙ্গে সায়কের পাশাপাশি জোরালোভাবে উঠে আসছে আরও এক চর্চিত ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহার নাম। গুঞ্জন রয়েছে, একসময়ের বন্ধু থেকে বর্তমানের ‘চোখের বালি’ সায়ক ও স্যান্ডি নাকি এবার মুখোমুখি হতে চলেছেন এই রিয়ালিটি শোয়ের ঘরে। যদিও খবরের সত্যতা যাচাই করতে স্যান্ডি সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর তরফ থেকে কোনো উত্তর মেলেনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এই দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সায়কের বিরুদ্ধে গুরুতর ও ন্যক্কারজনক অভিযোগ তুলেছিলেন স্যান্ডি। এমনকি অতীতে সায়কের গোমাংস কাণ্ড, প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে আইনি ও পারিবারিক দ্বন্দ্ব, কিংবা বন্ধু দেবলীনা নন্দীর ডিভোর্সের নেপথ্যে তাঁকে ‘ঘরভাঙানি’ বলে কটাক্ষ—নানা বিতর্কে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন সায়ক।
হিন্দি সংস্করণের ট্রেন্ড বজায় রেখে সাধারণত বিতর্কিত ও হাই-প্রোফাইল সেলেবরাই যে ‘বিগ বস’-এর ঘরে জায়গা পান, সেই নীতি মেনেই কি তবে ডাক পেয়েছেন সায়ক ও স্যান্ডি? অতীতের সমস্ত তিক্ততা ও অভিমান ভুলে তাঁরা কি ফের হাত মেলাবেন, নাকি প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে দূরত্ব আরও বাড়বে—তার উত্তর মিলবে আগামী ৩১ আগস্ট থেকেই।