মাসের ১ তারিখে কেন অ্যাকাউন্টে ঢোকে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? রইল আসল কারণ

লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্রতি মাসের ১ তারিখে নিয়ম করে টাকা ঢুকে গেলেও, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। প্রতি মাসের ১ তারিখে এই প্রকল্পের টাকা কেন অনেকের অ্যাকাউন্টে পৌঁছায় না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ।

কেন ১ তারিখে দেওয়া হয় না টাকা?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি অর্থের যাতে কোনোভাবেই নয়ছয় না হয় এবং প্রতিটি টাকা যেন সঠিক ও যোগ্য উপভোক্তার হাতেই পৌঁছায়, তার জন্য ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে প্রথম সপ্তাহের শুরুতেই অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা পাঠানো হলেও, আগস্ট মাস থেকে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, সরকারি কোষাগারের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এই কারণেই পুঙ্খানুপুঙ্খ যাচাই বা স্ক্রুটিনির কাজ শেষ করে নির্দিষ্ট নিয়ম মেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৬ লক্ষ আবেদন বাতিল ও নতুন যাচাই প্রক্রিয়া
সূত্রের খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আনুমানিক ১.৬ কোটি মহিলা আবেদন করেছিলেন। এর মধ্যে বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ২৬ লক্ষ আবেদন প্রাথমিকভাবে বাতিল বা রিজেক্ট করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমস্ত আবেদনগুলির মধ্য থেকে একটি বড় অংশকে পুনরায় ‘আন্ডার ইনকোয়ারি’ বা তদন্তের আওতায় আনা হয়েছে এবং নতুন করে শুরু হয়েছে তথ্য যাচাইয়ের কাজ। সরকারের লক্ষ্য, কোনো যোগ্য উপভোক্তা যেন বঞ্চনার শিকার না হন, আবার কোনো জাল বা ভুয়া নথি দিয়ে কেউ যেন এই সুযোগের অপব্যবহার করতে না পারে।

কবে মিলবে চলতি মাসের টাকা?

নিয়ম বদলের জেরে আগস্ট মাসে মাসের শুরুতে টাকা না মিললেও, যোগ্য উপভোক্তাদের জন্য সুখবর শুনিয়েছে প্রশাসন। চলতি মাসের ১৭ তারিখ থেকেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি মাসেই সাধারণত দ্বিতীয় সপ্তাহে এই আর্থিক সহায়তা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সুবিধাার্থে খুব শীঘ্রই ‘অন্নপূর্ণা যোজনা’র একটি বিশেষ অভিযোগ জানানোর পোর্টালও চালু করা হচ্ছে। এই পোর্টালে গিয়ে প্রকল্পের টাকা বা অন্য কোনো বিষয়ে উপভোক্তারা সরাসরি নিজেদের অভিযোগ বা মতামত জানাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *