পাক আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! মাঝ আকাশে চরম আতঙ্ক, শুরু তদন্ত

দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আচমকাই পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২২ জুন এই ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল শুরু হয়েছে। ‘গো-অ্যারাউন্ড’ বা ফের অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় দিকভ্রান্ত হয়ে বিমানটি পাকিস্তানের লাহোর আকাশসীমায় প্রবেশ করে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (ATC) বিরুদ্ধে কঠোর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)।

ঠিক কী ঘটেছিল?
এয়ার ইন্ডিয়ার এআই-৪৭৯ (AI479) ফ্লাইটটি দিল্লি থেকে অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অবতরণের ঠিক আগে বিমানটিকে অপেক্ষা করতে বলা হয়। সেই সময় ‘গো-অ্যারাউন্ড’ প্রক্রিয়ায় বিমানটি ঘোরানোর সময় রাডার ভেক্টরিংয়ের ভুলে তা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে।

লাহোর এটিসি (ATC) থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের। তবে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান এটিসির সঙ্গে যোগাযোগ করা হয় এবং পাইলটদের তড়িঘড়ি বিমানটিকে ঘুরিয়ে ফের ভারতের দিকে নিয়ে আসা হয়। নিরাপত্তার খাতিরে বিমানটিকে অমৃতসরে না নামিয়ে দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে গিয়ে অবতরণ করানো হয়।

তদন্তে ডিজিসিএ
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ঘটনাটি ডি‌জিসিএ-কে রিপোর্ট করা হয়নি, যা অত্যন্ত গুরুতর। এ বিষয়ে সংস্থার অভ্যন্তরীণ তদন্ত চলছে।”

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে পাকিস্তান সরকার তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে বিনা অনুমতিতে বা ভুলে হলেও অন্য দেশের আকাশসীমায় প্রবেশ আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের বিচ্যুতি। যদিও ডিজিসিএ আশ্বস্ত করেছে যে, পরিস্থিতির গুরুত্ব বুঝে পাকিস্তান এটিসি-র সঙ্গে সমন্বয় করেই বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছিল।

এই ঘটনায় পাইলট এবং এটিসি কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও, এয়ার ইন্ডিয়ার এই প্রযুক্তিগত ও মানসিক ভুলের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *