নিউটাউনে স্কুল বাসের তাণ্ডব! বাইকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, গুরুতর আহত ২

সাত সকালে নিউটাউনের ব্যস্ত রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে দুই বাইক আরোহী। একটি দ্রুতগামী বেসরকারি স্কুল বাসের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন তাঁরা। দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেটিকে আটকে ফেলা সম্ভব হয়েছে। তবে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়েছেন অভিযুক্ত চালক।

ঘটনার সূত্রপাত যেভাবে
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ওয়েস্টিন সিগন্যালের দিক থেকে একটি বেসরকারি ট্রাভেলার বা স্কুল বাস তীব্র গতিতে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। একই পথে সামনে বাইক নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, যাত্রাগাছি সিগন্যালের কাছে আচমকাই পিছন থেকে বাইকটিকে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়েন দুই আরোহী। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের তৎপরতা ও পুলিশি তদন্ত
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পরই বাসটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় মানুষজন ধাওয়া করে যাত্রাগাছি এলাকায় বাসটিকে আটকে দেন। জনতার রোষ থেকে বাঁচতে চালক তৎক্ষণাৎ গাড়ি ফেলে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন ট্রাফিক পুলিশ। বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্কুল বাসের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *