মার্কিন মুলুকে এক ধাক্কায় ১৭,২০০ কোটির মেগা চুক্তি! ভারতীয় কোম্পানির ঐতিহাসিক সাফল্যে শেয়ারে তুফান

আমেরিকার জ্বালানি পরিকাঠামো বাজারে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারতের স্বনামধন্য পাইপ প্রস্তুতকারক সংস্থা ওয়েলস্পান কর্পোরেশন। নিয়ন্ত্রক ফাইলিংয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের নিজস্ব উৎপাদন ইউনিট থেকে পাইপ সরবরাহের জন্য এযাবৎকালের সবচেয়ে বড় একক অর্ডার পেয়েছে কোম্পানিটি। প্রায় ১.৮ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,২০০ কোটি টাকার এই বিশাল চুক্তিটি সংস্থার কর্পোরেট ইতিহাসে বৃহত্তম একক অর্ডারের রেকর্ড গড়েছে।
রেকর্ড অর্ডারে চাঙ্গা শেয়ার বাজার
এই বিশাল অর্ডারের খবর প্রকাশ্যে আসার পরেই স্টক মার্কেটে হু হু করে বাড়তে শুরু করে সংস্থার শেয়ারের দাম। শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ওয়েলস্পান কর্পোরেশনের শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে দিনের সর্বোচ্চ ২,১৯৩ টাকার কোঠায় পৌঁছায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৮ থেকে ২০২৯ অর্থবর্ষের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হবে। এই বিশাল অর্ডারের ফলে বিশ্বব্যাপী কোম্পানির মোট অর্ডারের পরিমাণ রেকর্ড ৪.৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪২,১০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। যদিও চুক্তির ক্রেতা বা সুনির্দিষ্ট পাইপের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে এই সাফল্য যে উত্তর আমেরিকার বাজারে কোম্পানির অবস্থানকে আরও কয়েকগুণ শক্ত করল, তা বলাই বাহুল্য।
কেন এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ?
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ভারতের ঠিক পরেই মার্কিন যুক্তরাষ্ট্র হলো ওয়েলস্পান কর্পোরেশনের দ্বিতীয় বৃহত্তম এবং অত্যন্ত লাভজনক বাজার। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-র চাহিদা এবং এআই ডেটা সেন্টারগুলির কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি তেল পাইপলাইন পরিকাঠামোর আধুনিকীকরণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহৎ ব্যাসার্ধের স্টিল পাইপের চাহিদা তুঙ্গে রয়েছে। এই মেগা চুক্তি কেবল উত্তর আমেরিকার জ্বালানি বাজারে সংস্থাকে একচ্ছত্র প্রাধান্যই দেবে না, বরং আগামী কয়েক বছরের জন্য কোম্পানির রাজস্বের গ্রাফকেও সুরক্ষিত করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।