শৌচালয় নিয়ে পড়তে হয় সমস্যায়, কোন সমস্যার কথা বললেন পার্নো মিত্র?

দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। কিছুদিন আগেই তাঁকে ওয়েব সিরিজ ‘ভোগ’-এর শুটিং করতে দেখা গিয়েছিল। তবে এবার পার্নোর অনুরাগীদের জন্য সুখবর! আগামী ২১ মার্চ মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘সুনেত্রা সুন্দরম’।

এই ছবির বিষয়বস্তু বেশ ব্যতিক্রমী। প্রতিদিন রাস্তায় কাজে বেরিয়ে বহু মহিলাকেই শৌচালয়ের সমস্যায় পড়তে হয়। এই বাস্তব সমস্যাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘সুনেত্রা সুন্দরম’। ছবিটি কয়েক বছর আগেই তৈরি হলেও বিভিন্ন জটিলতার কারণে এতদিন মুক্তি পেতে পারেনি। অবশেষে এবার দর্শকদের সামনে আসছে ছবিটি।

সিনেমার পর্দায় যে ঝলমলে দৃশ্য দেখা যায়, তার পেছনে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় শিল্পীদের। পার্নো নিজেও এর ব্যতিক্রম নন।

শুটিং হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান— নানা কাজে শহর থেকে শহরতলি বা দূরবর্তী স্থানে যেতে হয় তাঁকে। পার্নো জানালেন, “এই ছবির শুটিং অনেক বছর আগের, তখন শুট করতে গিয়ে টয়লেটের সমস্যা বড় চ্যালেঞ্জ ছিল। এখন অবশ্য পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাটেও শৌচালয়ের ব্যবস্থা চোখে পড়ে। তবে এখনো এই বিষয় নিয়ে খুব বেশি সচেতনতা নেই, অনেকেই এই সমস্যার কথা বলেন না।”

তাঁর মতে, ‘সুনেত্রা সুন্দরম’ শুধু বিনোদনের জন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে। এখন দেখার, দর্শকেরা এই ব্যতিক্রমী ভাবনার ছবিকে কীভাবে গ্রহণ করেন!