ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব, মধ্যরাতে ট্রেনের ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করলেন রিমঝিম!

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের মন জয় করে আসছেন। নানা সিরিয়াল ও টেলিফিল্মে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। বিশেষত, খল চরিত্রে তিনি দারুণ সাবলীল। তবে ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত রিমঝিম। মা-ই তাঁর সবচেয়ে কাছের মানুষ, যাঁর সঙ্গেই তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় থাকেন।
শুধু অভিনয় নয়, রিমঝিম একজন দক্ষ নৃত্যশিল্পীও। তিনি মমতা শঙ্করের ব্যালেট ট্রুপের সদস্য ছিলেন এবং নিয়মিত দেশ-বিদেশে পারফর্ম করতেন। এমনই এক সফরে ঝাড়খণ্ডে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টক শোতে এসে এই অভূতপূর্ব অভিজ্ঞতার কথা শেয়ার করেন রিমঝিম।
তিনি বলেন, “ঝাড়খণ্ডের এক স্টেশনে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম, কয়েকজন সুপুরুষ যুবক। তখন আমাদের কিশোরী বয়স, ছেলেদের দেখে একটু আকর্ষণ অনুভব করছিলাম। কিন্তু স্টেশনে হঠাৎই লোডশেডিং হয়। আলো ফিরতেই দেখি, ওরা নেই!”
এরপর দলটি ট্রেনে ওঠে। মাঝপথে হঠাৎ ট্রেন থেমে যায়। সেই মুহূর্তে রিমঝিম এবং তাঁর বান্ধবী বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর তাঁরা দেখেন, মমতা শঙ্করের স্বামী রক্তাক্ত অবস্থায় ছুটে আসছেন। উদ্বিগ্ন স্বরে তিনি জিজ্ঞাসা করেন, “ওরা এখানে আসেনি তো?”
তখনই রিমঝিম জানতে পারেন, স্টেশনে দেখা সুপুরুষ ছেলেগুলো আসলে ডাকাত! তারা ট্রেন থামিয়ে ডাকাতি চালাচ্ছিল। শুধু তাই নয়, তাদের উদ্দেশ্য ছিল “নাচের মেয়েদের” ধরে নিয়ে গিয়ে বিয়ে করা!
রিমঝিম বলেন, “বাইরে থেকে স্পষ্ট শুনতে পাই ডাকাতরা বলছে, ‘নাচের মেয়েগুলো কোথায়? ওদের ডাকো! বিয়ে করব, সংসার পাতব!’”
সেদিন ভাগ্যের জোরে রক্ষা পান তাঁরা। কিন্তু সেই অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। অভিনয় জীবনের মতো বাস্তব জীবনেও এমন চরম নাটকীয় ঘটনা তাঁকে অবাক করেছে!