নতুন অ্যাকাউন্টে শুরুতেই বন্ধ থাকবে ডিজিটাল পেমেন্ট, লেনদেনের সীমাও ঠিক করবেন গ্রাহক

ডিজিটাল ব্যাঙ্কিং জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য একাধিক নতুন নিয়ম চালুর প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন প্রস্তাব কার্যকর হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বেরনোর উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন গ্রাহকরা। প্রয়োজনে এক ক্লিকেই বন্ধ করে দেওয়া যাবে অ্যাকাউন্ট থেকে সমস্ত ধরনের ডেবিট লেনদেন। শুধু তাই নয়, বড় অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে গ্রাহকের বেছে নেওয়া কোনও বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনও বাধ্যতামূলক হতে পারে।

ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ রাখা, লেনদেনের সীমা নির্ধারণ, ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে অ্যাকাউন্ট থেকে টাকা বেরনো বন্ধ করার মতো একাধিক প্রস্তাব এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত ডিজিটাল ব্যাঙ্কিংয়ে প্রতারণা প্রতিরোধ এবং গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতেই এই উদ্যোগ।

RBI-এর এই প্রস্তাবগুলি ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কমার্শিয়াল ব্যাঙ্কস-রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট) ফিফথ অ্যামেন্ডমেন্ট ডিরেকশনস, ২০২৬’-এর খসড়ার অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ডিজিটাল পেমেন্টে জালিয়াতি রুখতে সুরক্ষাব্যবস্থা নিয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল প্রকাশিত আলোচনা পত্রে সাধারণ মানুষের কাছ থেকে যে মতামত পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে।

নতুন নিয়মে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

১. প্রয়োজন না হলে বন্ধ রাখতে পারবেন ডিজিটাল পেমেন্ট পরিষেবা
ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের এমন সুবিধা দিতে হবে, যাতে তাঁরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এক বা একাধিক ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ রাখতে পারেন। প্রয়োজন হলে আবার সেই পরিষেবা চালুও করতে পারবেন।

২. নিজের ইচ্ছেমতো ঠিক করতে পারবেন লেনদেনের সীমা
শুধু পেমেন্ট চ্যানেল বন্ধ রাখাই নয়, কত টাকা পর্যন্ত লেনদেন করা যাবে, সেটাও নিজের মতো নির্ধারণ করতে পারবেন গ্রাহকরা। এর মধ্যে থাকছে প্রতিটি ডিজিটাল লেনদেনের সর্বোচ্চ অঙ্ক, নির্দিষ্ট কোনও ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা, একটি নির্দিষ্ট চ্যানেলে দৈনিক লেনদেনের সীমা এবং সমস্ত চ্যানেল মিলিয়ে দৈনিক সর্বোচ্চ সীমা নির্ধারণের সুবিধা। এর ফলে প্রতারক কোনওভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে গেলেও গ্রাহকের নির্ধারিত সীমার বেশি টাকা সরাতে পারবে না।

৩. এক ক্লিকেই বন্ধ হবে টাকা বেরনো! আসছে ‘স্টপ সুইচ’
RBI-এর প্রস্তাবিত ব্যবস্থাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ‘স্টপ সুইচ’ (Stop Switch)। কোনও গ্রাহকের মনে যদি সন্দেহ হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রতারকদের হাতে চলে গিয়েছে, তাহলে এই সুবিধার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতের সমস্ত ডেবিট লেনদেন বন্ধ করে দিতে পারবেন। তবে স্টপ সুইচ চালু করলেই অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ হবে না—টাকা জমা পড়তে কোনও বাধা থাকবে না। আগে থেকে চালু থাকা রেকারিং পেমেন্ট ম্যান্ডেট, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এবং ব্যাঙ্কের বকেয়া চার্জ বা ঋণের কিস্তি আদায়ের ডেবিট এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

৪. ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডেও নিয়ন্ত্রণ
নতুন নিয়ম শুধু ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড পেমেন্ট কার্ডের ক্ষেত্রেও একই ধরনের নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে RBI। দেশের মধ্যে ও আন্তর্জাতিক লেনদেন, ATM থেকে টাকা তোলা, POS মেশিনে পেমেন্ট, অনলাইন লেনদেন ও কন্ট্যাক্টলেস পেমেন্ট—সবই গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ রাখতে পারবেন।

৫. নতুন অ্যাকাউন্ট খুললেই সব ডিজিটাল পরিষেবা চালু থাকবে না
নতুন প্রস্তাবে বলা হয়েছে, কোনও গ্রাহক নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে শুরুতেই সমস্ত ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ থাকবে। গ্রাহক স্পষ্ট সম্মতি জানালে এবং প্রয়োজনীয় অথেনটিকেশন সম্পন্ন করলেই সেগুলি চালু করা যাবে। পরিষেবা চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কত টাকা পাঠানো যাবে, তার সীমাও নির্ধারণ করতে হবে ব্যাঙ্ককে।

৬. বড় অঙ্কের টাকা পাঠাতে লাগবে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি
ডিজিটাল প্রতারণা রুখতে ‘ট্রাস্টেড পার্সন মেকানিজম’ (Trusted Person Mechanism) চালুর প্রস্তাব দিয়েছে RBI। এই ব্যবস্থায় গ্রাহক চাইলে নিজের পছন্দের কোনও বিশ্বস্ত ব্যক্তিকে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন দেওয়ার দায়িত্ব দিতে পারবেন। ধরুন, কোনও গ্রাহক ১ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করলেন—সে ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি পাঠাতে গেলেই মনোনীত ব্যক্তির কাছে নোটিফিকেশন যাবে, যেখানে টাকার পরিমাণ, প্রাপকের নাম ও অ্যাকাউন্ট নম্বর থাকবে। অনুমোদনের জন্য তাঁকে এক ঘণ্টা সময় দেওয়া হবে। তিনি অনুমতি না দিলে বা নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দিলে লেনদেন বাতিল হয়ে যাবে। তবে এই ব্যবস্থা UPI পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এবং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বা NACH ম্যান্ডেটের মাধ্যমে হওয়া নিয়মিত পেমেন্টে প্রযোজ্য হবে না।

৭. বিশ্বস্ত ব্যক্তি অ্যাকাউন্ট দেখতে পারবেন না
কাউকে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলেও তিনি অ্যাকাউন্টের উপর কোনও অধিকার পাবেন না। RBI স্পষ্ট জানিয়েছে, তিনি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার, নমিনি, ম্যান্ডেট হোল্ডার বা অনুমোদিত স্বাক্ষরকারী হয়ে যাবেন না। অ্যাকাউন্টের ব্যালান্স, ফিক্সড ডিপোজিট, বিনিয়োগ বা বিমার তথ্যও তিনি দেখতে পারবেন না। তাঁর কাজ শুধু নির্দিষ্ট সীমার বেশি লেনদেনের অনুমোদন দেওয়া বা প্রত্যাখ্যান করা।

৮. ব্যাঙ্কের গাফিলতিতে প্রতারণা হলে বাড়বে দায়বদ্ধতা
শুধু গ্রাহকদের সুরক্ষা বাড়ানো নয়, ব্যাঙ্কের গাফিলতির কারণে ডিজিটাল প্রতারণা হলে দায়বদ্ধতা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে RBI।

৯. কী ভাবে পাওয়া যাবে এই নতুন সুবিধাগুলি?
গ্রাহকরা ব্যাঙ্কের শাখা, ATM, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং IVR পরিষেবার মাধ্যমে এই সুবিধাগুলি পেতে পারবেন। কোনও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, পরিবর্তন, বন্ধ অথবা পুনরায় সক্রিয় করা হলে SMS এবং ইমেলের মাধ্যমে গ্রাহককে সঙ্গে সঙ্গে জানাতে হবে। পাশাপাশি গ্রাহকের সমস্ত অনুরোধ ও স্টপ সুইচ ব্যবহারের তথ্য ব্যাঙ্ককে নিরাপদ অডিট লগে সংরক্ষণ করতে হবে।

নতুন পরিষেবাগুলি কী ভাবে ব্যবহার করতে হবে এবং এর ফলে কী কী পরিবর্তন হবে, তা নিয়মিত গ্রাহকদের জানাতে হবে ব্যাঙ্কগুলিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *