হিজাব ছাড়া গান গাওয়ার ‘অপরাধে’ ৭৪ ঘা চাবুক! ইরানি গায়িকা পারস্তো ও তাঁর সঙ্গীদের সাজা কার্যকর, বিশ্বজুড়ে নিন্দা

গানের সুর, শিল্পীর স্বাধীনতা আর পোশাকের অধিকার—এই তিনের সংঘাতেই ফের উত্তাল ইরান। হিজাব ছাড়া গান গাওয়ার কারণে ইরানি গায়িকা পারস্তো আহমাদি এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছে বলে খবর। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত একটি গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আদালতের এই সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন গায়িকার আইনজীবী। ঘটনাটি সামনে আসতেই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে এবং শিল্পীর স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি ঐতিহাসিক কারাভানসারাইয়ে গান গেয়ে অনলাইনে অনুষ্ঠান করেছিলেন পারস্তো। সেই পরিবেশনায় তাঁর মাথায় হিজাব ছিল না এবং সঙ্গে ছিলেন পুরুষ বাদ্যযন্ত্রশিল্পীরাও। কোনও দর্শক উপস্থিত না থাকলেও ইউটিউবে প্রকাশিত সেই অনুষ্ঠান দ্রুত ছড়িয়ে পড়ে। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি এবং জনসমক্ষে নারীদের গান গাওয়ার ওপর বিধিনিষেধের প্রেক্ষিতে ওই পরিবেশনা নিয়ে বিতর্ক তৈরি হয়। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, অনলাইনে প্রকাশিত ওই অনুষ্ঠানের মাধ্যমে জনসমক্ষে শালীনতার বিধি লঙ্ঘন করা হয়েছে এবং অশালীন ও অনৈতিক বিষয়বস্তু ছড়ানো হয়েছে।
আদালতের রায়ে পারস্তো ও তাঁর দলের আরও আট সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। জুন মাসে কুমের একটি ফৌজদারি আদালত তাঁদের বিরুদ্ধে জনসমক্ষে শালীনতা লঙ্ঘন এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে সাজা ঘোষণা করে, যদিও অভিযুক্তরা সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। শুধু চাবুক মারার সাজাই নয়, আগামী দু’বছর কোনও সাংস্কৃতিক বা সংগীত সংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং দেশের বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয় তাঁদের বিরুদ্ধে। সেপ্টেম্বরে আপিল আদালত সেই সাজা বহাল রাখে।
আইনজীবীরা শেষ পর্যন্ত সাজা রদ, কমানো কিংবা স্থগিত করার চেষ্টা করেছিলেন। এমনকি সাজা কার্যকরের দিন পিছিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়, কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী। সোমবার কুমের সাজা কার্যকর করার দফতরে পারস্তো এবং তাঁর চার সহযোগীর ওপর শাস্তি প্রয়োগ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন সোহেল ফাঘিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং অনুষ্ঠানটির আয়োজক মোহসেন লাশকারি।
ঘটনাটি ঘিরে প্রতিবাদ শুধু ইরানের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি। মানবাধিকার সংগঠনগুলি এই শাস্তিকে নিষ্ঠুর, অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত দফতরও চাবুক মারার শাস্তির তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের বক্তব্য, চাবুক মারা অত্যাচার এবং আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের শাস্তি বন্ধ করার পাশাপাশি আইন থেকে এই প্রথা তুলে দেওয়ার দাবিও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়েছিল। তারপর থেকে বহু নারী প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করছেন। কিন্তু সেই প্রতিবাদের আবহেও পোশাকবিধি এবং নারীর স্বাধীনতার প্রশ্নে প্রশাসনের কড়াকড়ি পুরোপুরি থামেনি। পারস্তো আহমাদির ঘটনা সেই সংঘাতকেই আরও একবার সামনে এনে দিল। যে গান লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছিল, সেই গানকেই কেন্দ্র করে শিল্পীর ওপর নেমে এল শারীরিক শাস্তি। প্রশ্নটা তাই শুধু একজন গায়িকার সাজা নিয়ে নয়, বরং একটি দেশে একজন নারীর কণ্ঠ, পোশাক এবং শিল্পচর্চার স্বাধীনতা কতটা স্বীকৃত, তা নিয়েও।