“বিকেল ৫টায় ফ্রি আছো?” দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অশালীন মেসেজ, মধ্যপ্রদেশে গ্রেপ্তার সরকারি স্কুলের শিক্ষক

“ঘুরতে যাবে আমার সঙ্গে?”—এই প্রশ্ন দিয়েই কথা শুরু করেন শিক্ষক। এরপরই শুরু হয় একের পর এক অশালীন মেসেজ। মধ্যপ্রদেশের গুনায় এক সরকারি স্কুলের শিক্ষক ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দ্বাদশ শ্রেণির এক ছাত্রী অভিযোগ করেছেন, ওই শিক্ষক হোয়াটসঅ্যাপে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠাতেন।

ছাত্রীর দাবি, নরেন্দ্র কুশওয়াহা নামে ওই শিক্ষক তাঁকে বাইরে ঘুরতে যাওয়ার কথাও বলেছিলেন। একটি হোয়াটসঅ্যাপ মেসেজে কুশওয়াহা লেখেন, “বিকেল ৫টায় কি ফ্রি আছো? চলো, বাইরে যাই। রাত ৮টার মধ্যে ছাড়া পেয়ে যাবে।”

জেলাশাসক, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং স্কুলের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগে ছাত্রীটি জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে ওই শিক্ষক প্রথমে সাধারণভাবে কথা বলতে শুরু করেন। এর পরই শুরু হয় আপত্তিকর মেসেজ। ছাত্রীর অভিযোগ, এর পর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাঁকে একের পর এক অশালীন মেসেজ পাঠানো হয়। তিনি আরও জানান, শিক্ষক তাঁকে নিজের পছন্দের পোশাক পরতেও বলতেন।

একটি মেসেজে ওই শিক্ষক লেখেন, “তুমি সবার থেকে আলাদা।” আরেক জায়গায় লেখা ছিল, “তোমাকে আমার খেয়াল রাখতে হবে।” এমনকী, তাঁকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথাও বলেন ওই শিক্ষক।

পাশাপাশি, কোনও দরকার হলে বা সাহায্যের প্রয়োজন হলে জানাতেও বলেছিলেন তিনি। ছাত্রীর আরও অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবের ভেতরে শিক্ষকের একটি গোপন জায়গা রয়েছে। ছাত্রীর দাবি, তিনি রাজি না হওয়ায় বা আপত্তি করায় নম্বর কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। ছাত্রী জানিয়েছেন, পর্দা টাঙিয়ে ল্যাবের একটি অংশ আড়াল করা হয়েছিল এবং ছাত্রীদের সেখানে ডেকে নিয়ে গিয়ে কথা বলতেন ওই শিক্ষক।

জানা গিয়েছে, আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও ওই শিক্ষক একই রকম আচরণ ও কথা বলতেন। বর্তমানে শিক্ষককে জেরা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *