গোহত্যা রুখতে অ্যাকশনে পুলিশ! সাগরদিঘিতে ধৃত ৪, ঘাটালে গরু উদ্ধার

রাজ্যে গোহত্যা বন্ধ করার বিষয়ে সোমবার কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন জেলায় গোপনে গরু জবাই করা হচ্ছে—এই অভিযোগ তুলে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্য পুলিশকে।
মঙ্গলবার সকালে গোহত্যার অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ওই দিন রাতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গরু পাচারের ছক ভেস্তে দেয় ঘাটাল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চালানো ওই অভিযানে একটি গাড়ি থেকে ৮টি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক ও মালিকসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কালিচক এলাকায় অভিযানটি চালানো হয়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে, একটি গাড়িতে করে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। ওসি তিমির লেটের নেতৃত্বে চলা অভিযানে ঘটনাস্থল থেকেই চালক, মালিক এবং আরও এক পাচারকারীকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর নেপথ্যে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন ঘাটাল থানার পুলিশ ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা।
সাগরদিঘিতে কী ঘটেছিল?
ঘাটালের ঘটনার আগেই মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদীঘির হাজিপুর এলাকায় গোপনে গোহত্যার সময় হাতেনাতে ৪ জনকে ধরে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ওই এলাকায় হানা দেয়। অভিযোগ, সেখানে অত্যন্ত গোপনে একটি পশু জবাই করা হচ্ছিল। সেই সময় এলাকা ঘিরে ফেলে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।