৫২ বলে ২০৪ রানের ধ্বংসলীলা? যুবরাজের কোন টোটকা ফাঁস করলেন বৈভব সূর্যবংশী

বিশ্বক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ভারতের এই কিশোর ব্যাটার। এই কীর্তির পর থেকেই ক্রিকেটমহলে তাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আরও এক সচিন তেন্ডুলকারের দেখা মিলল কি না, তা নিয়েই আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২০৪ রানের ইনিংসে ২৮টি ছক্কা এবং ৭টি চার হাঁকিয়েছে বৈভব। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৯৬ রান, দৌড়ে রান নিতে হয়নি খুব একটা। বৈভব জানিয়েছে, এই বিস্ফোরক ইনিংসের আগে প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের পরামর্শ নিয়েছিল সে।

বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে নিজের সাফল্যের নেপথ্যের কথা জানিয়েছে বৈভব। প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে প্রত্যাশামতো রান না পাওয়ায় কিছুটা চাপে ও বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল সে। ঘরোয়া ক্রিকেটেও নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল এবং কোথায় ভুল হচ্ছে, তা বুঝতে পারছিল না। সেই সময় নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে ভুল শুধরানোর পাশাপাশি আদর্শ যুবরাজ সিংয়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলে বৈভব।

বৈভবের কথায়, যুবি স্যর তাকে অনেক কিছু বুঝিয়ে দেন এবং বিশেষ করে প্রথম ২০টি বল ধৈর্য ধরে খেলতে পারলে ইনিংসের ছবি বদলে যেতে পারে বলে পরামর্শ দেন। বৈভব মনে করে, যুবরাজের সেই পরামর্শই মাঠে কাজে লেগেছে। শুরুতে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছিল সে এবং কয়েকটি বল খেলার পর বুঝতে পারে, বল ভালোভাবে ব্যাটে আসছে। এরপর আর নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসেনি; নিজের শক্তির উপর ভরসা রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায়।

বৈভবের এই রূপান্তর নিয়ে উচ্ছ্বসিত তার ছেলেবেলার কোচ মণীশ ওঝা। তাঁর দাবি, বৈভব খুব শীঘ্রই এক ইনিংসে ৩০০ রান করবে এবং তার রেকর্ড ভাঙতে হলে একমাত্র ক্রিস গেইলকেই অবসর ভেঙে ফিরতে হতে পারে।

তিন ফরম্যাটেই খেলার আত্মবিশ্বাস রয়েছে বৈভবের। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানোর ক্ষমতা রয়েছে বলেও মনে করে সে। এর আগে আইপিএলের পর সাক্ষাৎকারেও তিন ধরনের ক্রিকেটে খেলার ইচ্ছার কথা জানিয়েছিল এই কিশোর। দোহায় ৫৩ বলে ২০৪ রানের ইনিংস সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ডাবল সেঞ্চুরির পর এখন তার কোচের নজর ট্রিপল সেঞ্চুরির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *