ভারত-চিনসহ ১৬ দেশের পণ্যে বাড়ছে মার্কিন শুল্ক? চলতি সপ্তাহেই বড় ঘোষণার ইঙ্গিত!

ভারতসহ বিশ্বের ১৬টি দেশের উপর নতুন করে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে আমেরিকা। চলতি সপ্তাহের মধ্যেই চিন ও ভারতসহ একাধিক দেশের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আমেরিকার অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলি অতিরিক্ত উৎপাদনের জন্য সরকারি ভর্তুকি এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে নিজেদের সংস্থাগুলিকে সহায়তা করছে। এর ফলে বিশ্ববাজারে কম দামে পণ্য বিক্রি হচ্ছে এবং চাপে পড়ছেন মার্কিন উৎপাদকরা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিসন গ্রিয়ার এই সংক্রান্ত একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারেন। গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় তদন্ত শুরু করেছিল তাঁর দফতর। ওই আইনের আওতায় কোনও দেশের বাণিজ্যনীতিকে অন্যায্য বলে চিহ্নিত করা হলে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশের উপর আমদানি শুল্ক আরোপ করতে পারেন।
জেমিসন গ্রিয়ারের বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলিতে সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে ওই দেশগুলির সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করতে পারছে, যা ক্ষতিগ্রস্ত করছে আমেরিকার স্থানীয় উৎপাদনকারী সংস্থাগুলিকে।
তদন্তের ভিত্তিতে আমেরিকা কয়েক ডজন বাণিজ্যিক অংশীদার দেশের উপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর যৌক্তিকতা তুলে ধরেছিল। এই তালিকায় অতিরিক্ত শিল্প উৎপাদন সংক্রান্ত তদন্তের আওতায় থাকা ১৬টি দেশও রয়েছে।
নতুন করে শুল্ক বৃদ্ধির চূড়ান্ত হার কত হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে তা কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলির উপর বর্তমানে চালু থাকা শুল্কের অতিরিক্ত হিসেবেই সেটি যুক্ত হবে।
অন্যদিকে, ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ একটি চুক্তির কাঠামো চূড়ান্ত করলেও পরে তা নিয়ে ফের আলোচনা শুরু হয়। এর মধ্যেই গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর আওতায় আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।
আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর তুলনামূলক কম শুল্ক আরোপের দাবি জানাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারত যাতে কম শুল্কের সুবিধা পায়, সেটাই ভারতের আলোচনার অন্যতম লক্ষ্য। এখন দেখার বিষয়, নতুন করে মার্কিন শুল্ক বৃদ্ধির পরিকল্পনা ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় ঠিক কী প্রভাব ফেলে।