রেল স্টেশনে যাওয়ার দিন শেষ! পার্সেল পাঠাতে আসছে নতুন ‘রেল পার্সেল অ্যাপ’, ঘরে বসেই মিলবে ডোর-টু-ডোর পরিষেবা

পার্সেল পাঠানোর ঝক্কি এড়াতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। সাধারণ যাত্রী ও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘রেল পার্সেল অ্যাপ-ঘর সে ঘর তক’ (Rail Parcel App-Ghar Se Ghar Tak) নামক একটি নতুন ডোর-টু-ডোর পার্সেল পরিষেবা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রেল স্টেশনে না গিয়েই ঘরে বসে পার্সেল বুকিং থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট—সমস্ত সুবিধা এক ছাদের নিচে পেয়ে যাবেন। আইওএস (iOS), অ্যান্ড্রয়েড এবং ওয়েব প্ল্যাটফর্মে এই বিশেষ অ্যাপটি তৈরি করা হচ্ছে।
প্রথম পর্যায়ে কোন কোন শহরে মিলবে সুবিধা?
রেলওয়ে বোর্ডের তথ্য অনুযায়ী, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথম পর্যায়ে দেশের আটটি বড় শহরে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং পুনে। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষামূলক কাজ শেষ হওয়ার পরই রেলের পক্ষ থেকে এই পরিষেবা চালুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
কী কী সুবিধা মিলবে নতুন অ্যাপে?
ডোর-টু-ডোর পিকআপ ও ডেলিভারি: রেলের অনুমোদিত লজিস্টিক সার্ভিস প্রোভাইডার বা এলএসপি (LSP)-রা সরাসরি বাড়ি থেকে পার্সেল সংগ্রহ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন।
অতিরিক্ত পরিষেবা: গ্রাহকরা চাইলে প্যাকেজিং এবং পার্সেল সংরক্ষণের মতো বাড়তি সুবিধাও নিতে পারবেন।
লাইভ ট্র্যাকিং ও নোটিফিকেশন: অ্যাপের মাধ্যমেই পার্সেলের রিয়েল-টাইম লোকেশন ট্র্যাক করা যাবে। ডেলিভারি স্ট্যাটাস বদলালে সঙ্গে সঙ্গে গ্রাহকের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
রেটিং ও ফিডব্যাক: পরিষেবার মান উন্নয়নে গ্রাহকদের রেটিং ও রিভিউ দেওয়ার অপশন রাখা হয়েছে।
কীভাবে বুকিং করবেন ও খরচ কত?
নতুন এই পরিষেবা পেতে ব্যবহারকারীকে প্রথমে মোবাইল নম্বর দিয়ে অ্যাপে একটি ইউজার আইডি তৈরি করতে হবে। এরপর পছন্দের লজিস্টিক সার্ভিস প্রোভাইডার বেছে নিয়ে পার্সেলের বিবরণ, কোন স্টেশন থেকে পাঠানো হবে এবং কোথায় পৌঁছবে তা উল্লেখ করতে হবে।
সর্বোচ্চ ১৫ দিন আগে পার্সেল বুক করা গেলেও নির্দিষ্ট ট্রেন ছাড়ার অন্তত একদিন আগে বুকিং সম্পন্ন করতে হবে। পার্সেল পাঠানোর খরচ মূলত ট্রেনের শ্রেণি, দূরত্ব, ওজন এবং আকারের ওপর নির্ভর করবে। রেলের নির্ধারিত স্কেল অনুযায়ী ভাড়ার অঙ্ক নির্ধারিত হবে। অ্যাপেই রেলের পরিবহন খরচ এবং লজিস্টিক সার্ভিসের খরচ আলাদাভাবে দেখানো হবে। ইউপিআই (UPI), ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একবারেই এই ডিজিটাল পেমেন্ট করা যাবে।
নিরাপত্তার স্বার্থে বিপজ্জনক, বিস্ফোরক, দাহ্য বা রেলের নিয়মে নিষিদ্ধ কোনো সামগ্রী এই পরিষেবার মাধ্যমে পাঠানো যাবে না। পার্সেল গন্তব্যে পৌঁছনো বা ডেলিভারির প্রতিটি ধাপে ওটিপি (OTP) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে, যা সাধারণ মানুষের পার্সেল পাঠানোর অভিজ্ঞতাকে আরও অনেক বেশি নিরাপদ ও সহজ করে তুলবে।