“স্যান্ডপেপার কাণ্ড জানত পুরো ড্রেসিংরুম!” ৮ বছর পর বোমা ফাটালেন অজি তারকা, অসি বোর্ডে চরম শোরগোল

ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়—২০১৮ সালের সেই ‘স্যান্ডপেপার-গেট’ (Sandpaper-gate) বা বল বিকৃতি কাণ্ড আজও তাড়া করে বেড়ায় ক্রিকেট বিশ্বকে। ঘটনার প্রায় আট বছর বাদে এসে এই বিষয়ে এমন এক বিস্ফোরক দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার উসমান খোয়াজা, যা নড়েচড়ে বসতে বাধ্য করবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (CA)। তাঁর দাবি, শুধু সেই সাজাপ্রাপ্ত তিন ক্রিকেটার নন, দক্ষিণ আফ্রিকা সিরিজের ওই ঘটনার কথা স্পষ্ট জানা ছিল অস্ট্রেলিয়ার পুরো ড্রেসিংরুমের। এমনকি শুধু কেপটাউনে নয়, তার আগের টেস্টেও বল বিকৃতি করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
অাত্মজীবনী প্রকাশের আগেই বিস্ফোরক খোয়াজা:
সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশের প্রাক্কালে অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় দৈনিককে সাক্ষাৎকার দেন খোয়াজা। সেখানেই বইয়ের কিছু অংশ উদ্ধৃত করে তিনি জানান, ২০১৮ সালের মার্চ মাসে নিউল্যান্ডস টেস্টে ক্যামেরন ব্যানক্রফট যখন শিরীষ কাগজ (Sandpaper) দিয়ে বল বিকৃত করছিলেন, তখন দলের সবাই বিষয়টি জানত।
অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের কথায়, “আলাদা করে ব্যাটার, বোলার কিংবা কোচিং স্টাফেরা নন—বিষয়টি সম্পর্কে ড্রেসিংরুমে আমরা প্রত্যেকেই অবগত ছিলাম।” খোয়াজা আরও যোগ করেন, “আদর্শে অটুট থাকলে এমন কাজ করার কথা নয়। সকলের থেকে নিজেকে আলাদা করে একাই সত্য সামনে আনার কোনো অভিপ্রায় আমার নেই। তবে আট বছর বাদে এসে আমার মনে হয়েছে সত্যিটা সকলের জানা দরকার।” ঘটনার পরই তিনি ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের নিজেদের দায়ভার ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।
যা ঘটেছিল ২০১৮ সালের সেই কেপটাউন টেস্টে:
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউল্যান্ডস টেস্টে বল বিকৃতি করার সময় টেলিভিশন ক্যামেরায় হাতেনাতে ধরা পড়েছিলেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার করা তদন্তে সামনে আসে যে, পুরো পরিকল্পনাটি ছিল সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মস্তিষ্কপ্রসূত, যা মাঠে রূপায়ণ করেছিলেন ব্যানক্রফট। আর সবকিছু জেনেও তা আটকানোর কোনো চেষ্টা করেননি তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। এর জেরে ওয়ার্নার ও স্মিথকে এক বছর এবং ব্যানক্রফটকে ন’মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল সিএ।
কিন্তু খোয়াজার এই নতুন দাবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই তৎকালীন তদন্তের নিরপেক্ষতা ও সততাকেই এক ধাক্কায় বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সিএ-র প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল যে, এই বল বিকৃতির চক্রান্ত কেবল ওই তিন ক্রিকেটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া:
উসমান খোয়াজার এই বিস্ফোরক মন্তব্যের পর চারদিকে শোরগোল শুরু হলেও নিজেদের আগের তদন্তের নিরপেক্ষতার প্রশ্নে এখনও অনড় রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। শনিবার বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে সাফ জানানো হয়েছে, “ঘটনার সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রদান করা হয়েছিল এবং সেগুলির যথোপযুক্ত বিবেচনা করা হয়েছিল। সবমিলিয়ে অত্যন্ত সততার সঙ্গে করা ওই তদন্তের শেষে যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আজকেও আমরা সেই অবস্থানেই অনড় রয়েছি।”