ঘরে নারকেল নেই? চিন্তা নেই! দুধ আর বিশেষ এই মশলায় তৈরি করুন জিভে জল আনা চিংড়ির মালাইকারি

‘জলের পোকা’ বলে অনেকেই কটাক্ষ করলেও ভোজনরসিক বাঙালির পাতে চিংড়ি মাছের স্থান সর্বদাই শীর্ষে। আর চিংড়ির রকমারি পদের কথা উঠলে শুরুতেই আসবে মালাইকারির নাম। তবে অনেক সময়ই নারকেলের দুধে অনেকের হজমের সমস্যা দেখা দেয়, কিংবা হঠাৎ মালাইকারি রাঁধার ইচ্ছে হলেও ঘরে নারকেল মজুত থাকে না। কিন্তু তা বলে কি মালাইকারি খাওয়া আটকে থাকবে? একদমই নয়!

নারকেলের দুধ ব্যবহার না করেও যে সমান সুস্বাদু ও অতুলনীয় স্বাদের মালাইকারি তৈরি করা সম্ভব, তা প্রমাণ করে দেবে এই সহজ রেসিপিটি। স্বাদ ও গন্ধে বিন্দুমাত্র খামতি না রেখে কীভাবে রাঁধবেন এই পদ, রইল তার বিশদ প্রণালী।

উপকরণ
গলদা বা বাগদা চিংড়ি: ১ কেজি

দুধ: আড়াই কাপ

টক দই: ৫-৬ চা চামচ

পোস্ত দানা: ৩ টেবিল চামচ

সর্ষের দানা: ১ টেবিল চামচ

কাজুবাদাম: ৫-৬ টি

পেঁয়াজ কুচি: ২ টি

রসুন বাটা: ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা: দেড় টেবিল চামচ

হলুদ গুঁড়ো: দেড় চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

গোটা গরম মশলা: লবঙ্গ ৫-৬ টি, দারচিনি ১ টি, এলাচ ৩ টি

নুন, চিনি ও সর্ষের তেল: পরিমাণমতো

প্রণালী
১. প্রথমে চিংড়ি মাছগুলি খুব ভালো করে পরিষ্কার ও ধুয়ে নিন। এরপর সামান্য নুন, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলি ম্যারিনেট করে রাখুন।
২. এবার মিক্সিতে সর্ষে, পোস্ত এবং কাজুবাদাম সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে রেখে দিন।
৩. কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন (বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে)।
৪. ওই তেলেই লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোরন দিন। সুন্দর গন্ধ বেরোলে কুচোনো পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে নিন।
৫. এবার রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা ভালো করে কষাতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিন।
৬. এরপর আঁচ একদম ঢিমে করে আগে থেকে তৈরি করে রাখা কাজু-পোস্ত-সর্ষের পেস্টটি দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো নুন, সামান্য চিনি ও ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৭. মশলা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে দুধ ও প্রয়োজন অনুযায়ী সামান্য জল ঢেলে দিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছগুলি ছেড়ে দিন।
৮. কড়াই ঢাকা দিয়ে ঢিমে আঁচে কিছুক্ষণ ফুটতে দিন যাতে মাছের মধ্যে সমস্ত স্বাদ ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি নারকেলের দুধ ছাড়া দারুণ স্বাদের চিংড়ির মালাইকারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রাজকীয় পদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *