জরুরি চিকিৎসার বাহানায় ফ্ল্যাটে ডেকে চিকিৎসককে বেধড়ক মার! গ্রেপ্তার মালয়ালম অভিনেত্রী অতুল্যা চন্দ্র

জরুরি চিকিৎসার ভুয়া বাহানায় এক চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে এনে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি এবং লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগে মালয়ালম অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও তাঁর সঙ্গী বিবিন পেরুমপিল্লিকে গ্রেপ্তার করল কেরলের কোচি থানার পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় বিনোদন জগতে হুলস্থুল পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছিল কোচির ফ্ল্যাটে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেরলের পোন্নুরুন্নি এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত অভিনেত্রী অতুল্যা চন্দ্র পেশায় পরিচিত এক চিকিৎসককে ফোন করে জানান যে তাঁর মাসি গুরুতর অসুস্থ। জরুরি চিকিৎসার জন্য ডাক্তারবাবুকে অবিলম্বে ওই ফ্ল্যাটে আসার অনুরোধ করা হয়। চিকিৎসাও খবর পেয়ে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত ওই ফ্ল্যাটে পৌঁছান।

কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করার মুহূর্তেই তাঁর ওপর একদল লোক চড়াও হয়। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অতুল্যার সঙ্গী বিবিন পেরুমপিল্লি ওই চিকিৎসককে শারীরিক মারধর করেন এবং অতুল্যা নিজে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি, ভুয়ো অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়। এরপর আক্রমণকারীরা জোর করে ওই চিকিৎসকের দুটি বহুমূল্য মোবাইল ফোন, স্মার্টওয়াচ এবং দামি ইয়ারপডস ছিনিয়ে নেয়। সব মিলিয়ে লুট হওয়া জিনিসগুলির বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

পুলিশের জালে মূল অভিযুক্তরা
ঘটনার আকস্মিকতা ও চরম মানসিক উৎপীড়নের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই চিকিৎসক। ঘটনার দু’দিন পর তিনি সাহস সঞ্চয় করে স্থানীয় থানায় গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও বিবিন পেরুমপিল্লিকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ১২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। বাকি পলাতক অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে কোচি থানার পুলিশ। তবে ঠিক কী ব্যক্তিগত ক্ষোভ বা উদ্দেশ্যে দুই পরিচিত তারকা একজন চিকিৎসকের ওপর এমন পাশবিক আক্রমণ চালালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *