দীপাবলির আগেই পর্দায় ফিরছে রাম যুগ! প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর মুক্তির তারিখ

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত ও মেগা বাজেট ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এর মুক্তির দিনক্ষণ। দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে নবরাত্রির উৎসব, আর এই পবিত্র সূচনালগ্নেই ছবির নতুন পোস্টার প্রকাশ করে বড় ঘোষণা করলেন নির্মাতারা। দীপাবলির ঠিক আগেই যে বড়পর্দায় রাম যুগের সূচনা হতে চলেছে, তা এক প্রকার নিশ্চিত।
কবে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’?
নির্মাতাদের শেয়ার করা নতুন পোস্টারে ব্যাকগ্রাউন্ডে রাবণ রূপী দক্ষিণী সুপারস্টার যশ এবং সামনে রাম, লক্ষ্মণ ও সীতার আবহমান রূপ ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, নবরাত্রির সূচনায় রাম যুগের আরম্ভ। আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহুচর্চিত এই ছবি। অর্থাৎ দীপাবলির ঠিক কিছুদিন আগেই যে বক্স অফিসে সুনামি তুলতে আসছে এই প্রজেক্ট, তা বলাই বাহুল্য।
ছবির ঘিরে একাধিক চমক ও সঙ্গীত জাদুকরদের ম্যাজিক
বলিউডের এই বিগ বাজেট ছবিটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ছবির হাইলাইটগুলির মধ্যে অন্যতম হলো এর সংগীত পরিচালনা। এই ছবিতে ‘জয় জয় রাম’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সূত্রের খবর, গানটি রেকর্ড করার সময়ে নাকি এক গভীর আধ্যাত্মিক অনুভূতিতে বিভোর হয়ে গিয়েছিলেন অরিজিৎ। গানের মধ্যে তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে একের পর এক টেক দিতে থাকেন, যা দেখে স্টুডিওতে উপস্থিত কলাকুশলীরাও বাকরুদ্ধ হয়ে যান।
বিশেষ এই গানটি লিখেছেন প্রখ্যাত হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাস এবং এতে সুর দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এর আগে গণেশ চতুর্থীতে মুক্তি পাওয়ার পর মাত্র কয়েকদিনেই গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ পার করে রেকর্ড গড়েছে।
আসন্ন ‘রামায়ণ’ ছবিতে ভগবান শ্রীরাম ও সীতার ভূমিকায় রণবীর কাপুর ও সাই পল্লবী এবং লঙ্কার রাজা রাবণের চরিত্রে যশকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। পুজো ও দীপাবলির মরশুমে এই ছবির হাত ধরে বড়পর্দায় এক ঐতিহাসিক মহাকাব্য দেখার সুযোগ পাবেন দর্শকরা।