মিড-উইক এভিকশনে মহা টুইস্ট! বিগ বসের ঘর থেকে বাদ পড়লেন নামী ফুটবলার? বাঁচলেন ঝিলম!

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরে এবার চরম নাটকীয় মোড়। চলতি মরশুমে এই প্রথমবার ঘটল ‘মিড-উইক এভিকশন’ (Mid-week Eviction) অর্থাৎ সপ্তাহের মাঝপথেই ঘর থেকে বিদায় নিতে হলো এক হেভিওয়েট প্রতিযোগীকে। মঙ্গলবারের রোমাঞ্চকর পর্বে ইতিমধ্যেই জানা গিয়েছিল যে, এলিমিনেশনের এই ঝুলন্ত তলোয়ারের নিচে দাঁড়িয়ে ছিলেন দুই চর্চিত প্রতিযোগী—প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত।

এদিকে দর্শকদের ভোটের সুযোগ না দিয়ে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছিল ভোটিং লাইন। বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সতীর্থ প্রতিযোগীদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত বিগ বসের ঘর থেকে আউট হয়ে গিয়েছেন দীপেন্দু বিশ্বাস!

কীভাবে শুরু হলো এই এলিমিনেশনের পর্ব?
ঘটনার সূত্রপাত ‘দাদার দরবার’-এর মঞ্চে। শনিবারের বিশেষ পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের কাছে জানতে চেয়েছিলেন এমন দু’জন সদস্যের নাম, যাঁদের খেলায় যোগদান ও সক্রিয়তা সবচেয়ে কম। অবাক করার মতো বিষয় হলো, অন্যান্য ঘরোয়া সদস্যদের পাশাপাশি দীপেন্দু ও ঝিলম নিজেরাও নিজেদের দুর্বল প্রতিযোগী হিসেবে মেনে নিয়ে নাম প্রকাশ করেছিলেন।

এরপরেই সোমবার বিগ বস নিজে কড়া পদক্ষেপ নিয়ে দীপেন্দু ও ঝিলমকে সরাসরি নমিনেট করেন। তবে কোনো পাবলিক ভোটিং নয়, ঘরোয়া বাকি সদস্যদের সরাসরি গোপন ভোটের ভিত্তিতেই এই সপ্তাহের মিড-উইক এভিকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও এই এলিমিনেশনের খবরে এখনও পর্যন্ত আয়োজক বা চ্যানেলের তরফ থেকে কোনো অফিশিয়াল সিলমোহর দেওয়া হয়নি।

ময়দান থেকে রাজনীতির আঙিনা: দীপেন্দুর দীর্ঘ সফর
নব্বইয়ের দশক এবং ২০০০-এর সূচনার সময়সীমায় ভারতীয় ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দীপেন্দু বিশ্বাস। তিনি ভারতের হাতে গোনা সেই বিরল ফুটবলারদের একজন, যিনি কলকাতার ‘তিন প্রধান’—মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতেই খেলেছেন। পাশাপাশি জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি নেতৃত্বও সামলেছেন তিনি।

খেলার মাঠের পর রাজনীতির ময়দানেও পা রাখেন তিনি। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন।

দর্শকদের নিশানায় ঝিলমও!
অন্যদিকে, দীপেন্দুর বিদায়ের গুঞ্জনের মাঝেও অপর নমিনেটেড প্রতিযোগী ঝিলম গুপ্তকে নিয়ে বাইরের দর্শকদের অসন্তোষ কমেনি। রিয়্যালিটি শো-তে এসে ‘ইঁদুর’ গান বানানো আর ঘরের কোণে বসে পরচর্চা করা ছাড়া তিনি তেমন কোনো অবদান রাখতে পারেননি বলেই মত ক্ষুব্ধ দর্শকদের একাংশের।

বিগ বসের দেওয়া কোনো শারীরিক বা মানসিক টাস্কেও তাঁর সক্রিয় অংশগ্রহণ চোখে পড়েনি। স্বয়ং সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও একাধিকবার ঝিলমকে তাঁর নিষ্ক্রিয়তা নিয়ে সতর্ক করতে দেখা গিয়েছিল। তা সত্ত্বেও এবার অলৌকিকবাবে দীপেন্দুর বিদায়ে ঝিলম আপাতত বিগ বসের ঘরে টিকে গেলেন বলেই জোর জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *