“না না, ও তৃণমূলে ছিলই না!” বিজেপিতে নাম লেখাতেই কোয়েল মল্লিককে নিয়ে বড় দাবি রূপার

রাজনৈতিক ময়দানে ফের এক হাই-ভোল্টেজ দলবদল! গত সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আর এই যোগদানের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। সোশ্যাল মিডিয়ায় কোয়েলের দলবদল নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই তাঁকে নিয়ে কটাক্ষ ও মিমের ঝড় তুলেছে একাংশ। এই পরিস্থিতিতেই নতুন দলবদলু তারকাকে নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন কোয়েল। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তিনি রাজনীতি থেকে দূরত্ব বাড়ান এবং চলতি বছরের ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তবে সোমবার ফের সেই ছেড়ে যাওয়া আসনেই বিজেপির টিকিটে মনোনয়ন জমা দিয়ে চমকে দেন তিনি। একইসঙ্গে বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে কোয়েলকে বলতে শোনা যায়, “পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার চলছে…”!

কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়?
কোয়েলের বিজেপিতে যোগদানে বেজায় খুশি অভিনেত্রী ও বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অত্যন্ত শিক্ষিত ও ভালো পরিবারের মেয়ে হওয়ায় কোয়েল মানুষের কল্যাণে দারুণ কাজ করবেন। সংবাদমাধ্যমকে রূপা বলেন, “আমি খুব খুশি। আমি ওকে খুব ভালোবাসি। খুব শিক্ষিত মেয়ে, খুব ভালো পরিবারের মেয়ে। ওর প্রতিপালন ভালো। ও খুব ভালো কাজ করবে।”

এমনকি কোয়েলকে ‘প্রাক্তন তৃণমূলী’ তকমা দিতেও নারাজ রূপা। তাঁর সাফ দাবি, “না না, ও তৃণমূলে ছিল না। ওকে জাস্ট বলা হয়েছিল তৃণমূলে যোগ দিতে। ওরা ওকে রাজ্যসভায় নিয়েছিল। ঠিক আছে, নিয়েছিল তো নিয়েছিল। অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন। হয়তো ও করত, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। আজ সবাই প্রকাশ্যে আসছে, বলছে।”

‘বিজেপির তৃণমূলীকরণ’ প্রসঙ্গে ক্ষোভ রূপার
এদিকে কোয়েলের মতো বহু তারকা ও নেতার দলবদল ঘিরে সোশ্যাল মিডিয়ায় পদ্মশিবিরের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। কর্মী-সমর্থকদের একাংশের অভিযোগ, গোটা বিজেপি দলটাই যেন ধীরে ধীরে ‘তৃণমূলীকরণে’ আক্রান্ত এবং দলে পুরনোদের কোণঠাসা করে অন্যদের জায়গা দেওয়া হচ্ছে।

সমর্থকদের এই ক্ষোভ ও তির্যক প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান রূপা গঙ্গোপাধ্যায়। স্পষ্ট ভাষায় সমর্থকদেরই ধমক দিয়ে তিনি বলেন, “তৃণমূলীকরণ কেন বলছেন? ওরা তো সবাই নিজেদের ইচ্ছেতেই আসছে। ওদের কি কেউ জোর করে আনছে নাকি? আমাদের এই সরকারের এত দায়িত্ব নেওয়ার মতো এখন প্রচুর লোকের প্রয়োজন। ধীরে ধীরে লোককে খুঁজে কার্যকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। সরকারের ওপর ভরসা রাখতে হবে তো! পার্টির ওপর ভরসা না রাখলে পার্টি করছেন কেন?”

সবমিলিয়ে, কোয়েল মল্লিকের গেরুয়া শিবিরে যোগদান এবং রূপা গঙ্গোপাধ্যায়ের এই খোলামেলা মন্তব্য যে আগামী দিনে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *