নির্বাচন কমিশন অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি! রাহুল-প্রিয়ঙ্কা থেকে অভিষেক-মহুয়াদের আটক করল পুলিশ, তুঙ্গে ধুন্ধুমার কাণ্ড

নির্বাচন কমিশনের কার্যপ্রণালী এবং ভোটার তালিকা সংশোধনের বিরোধিতায় ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের দিল্লি অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হলো রাজধানীতে। সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী দলগুলির পদযাত্রা শুরু হতেই তা আটকে দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিরোধীদের তীব্র ধস্তাধস্তি বাধে।

পরিস্থিতি সামাল দিতে একে একে আটক করা হয় হেভিওয়েট বিরোধী নেতাদের। পুলিশি বাধার মুখে পড়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

আটক হওয়ার আগেই উত্তপ্ত পরিস্থিতিতে ব্যারিকেডের ওপর চড়ে বসে প্রতিবাদ জানাতে দেখা যায় রাহুল-প্রিয়ঙ্কাদের। পরবর্তীতে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে বিরোধী সাংসদরা রাস্তায় বসে পড়ে তীব্র স্লোগান দিতে থাকেন এবং অবস্থান বিক্ষোভে সামিল হন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে এই নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *