ফের BLO-রা বাড়ি বাড়ি যাবেন, জেনেনিন ভোটারদের কী কী করতে হবে?

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে সম্প্রতি যাদের নাম বাদ পড়েছিল, তাঁদের জন্য এল এক বড় স্বস্তির খবর। দেশের যে সমস্ত রাজ্যে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার বিশাল উদ্যোগ শুরু করেছে নির্বাচন কমিশন। এই মর্মে দেশের ২০টি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO)-দের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কমিশন। যেহেতু পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, তাই খুব শীঘ্রই রাজ্যের বিএলও (BLO)-রা সাধারণ মানুষের বাড়িতে কড়া নাড়তে চলেছেন।
হঠাৎ কেন বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা?
বিশেষ ও নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় তালিকা থেকে বাদ পড়া লক্ষ লক্ষ ভোটারের মধ্যে অনেকেই প্রকৃত অর্থে যোগ্য হওয়া সত্ত্বেও নানা জটিলতায় বাদ পড়েছিলেন। এই বিপুল সংখ্যক মানুষের সমস্যার সমাধান করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ পদক্ষেপ।
নির্দেশিকা অনুযায়ী, বিএলও-রা প্রথমে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটারদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করবেন। এরপর প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের বাড়িতে গিয়ে তাঁদের বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। কোনো ভোটারকে যোগ্য বলে মনে হলে, তাঁকে ফর্ম-৬ পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার কাজে সরাসরি সহযোগিতা করবেন তাঁরা। ফিল্ড ভেরিফিকেশনের এই সম্পূর্ণ রিপোর্ট পরবর্তীতে স্বীকৃত রাজনৈতিক দলগুলি এবং ইআরও (ERO)-এর সঙ্গে শেয়ার করা হবে। কমিশনের লক্ষ্য, আগামী এক মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ করা।
বিএলও বাড়িতে এলে আপনার করণীয় কী?
আপনার বা আপনার পরিবারের কোনো যোগ্য সদস্যের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়ে থাকে, তবে বিএলও বাড়ি এলে এই কাজগুলি অবিলম্বে সেরে ফেলুন:
-
যোগাযোগ করুন: বাড়িতে বিএলও এলে প্রথমেই তাঁকে জানান যে আপনার বা পরিবারের কারও নাম তালিকা থেকে বাদ পড়েছে।
-
ফর্ম পূরণ: বিএলও-র দেওয়া ফর্ম-৬ সঠিকভাবে সংগ্রহ করুন। সেখানে নিজের, বাবা ও মায়ের নাম এবং সঠিক ঠিকানা নির্ভুলভাবে পূরণ করুন।
-
নথি জমা দিন: পরিচয় ও বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড, পুরনো ভোটার কার্ড (যদি থাকে), বাবা-মায়ের নথি, জন্ম শংসাপত্র (Birth Certificate), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এলআইসি (LIC) বন্ড বা অন্যান্য বৈধ পরিচয়পত্রের জেরক্স কপি ফর্মের সঙ্গে যুক্ত করে বিএলও-র হাতে জমা দিন।
-
হিয়ারিং: পরবর্তী সময়ে এই সংক্রান্ত শুনানির (Hearing) দিন নির্দিষ্ট করা হলে, সমস্ত আসল নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকুন। এর মাধ্যমেই আপনার নাম খুব সহজেই ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।