পকেটের কয়েনের গায়ে এই সূক্ষ্ম খাঁজগুলো কেন থাকে জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

পকেটে থাকা খুচরো পয়সাগুলোর দিকে কি কখনও ভালো করে লক্ষ্য করেছেন? খেয়াল করলে দেখবেন, বাজারে চলা কিছু কয়েনের ধার একদম মসৃণ হলেও বাকিগুলোর গায়ে বেশ সূক্ষ্ম খাঁজ কাটা থাকে। অনেকেই হয়তো ভাবেন এটি নিছকই কোনো সাধারণ ডিজাইন বা নকশা, কিন্তু এর নেপথ্যে লুকিয়ে রয়েছে শতাব্দীর পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস।
ইতিহাসের পাতা থেকে: ‘কয়েন ক্লিপিং’ ও জালিয়াতি
জানা যায়, ষোড়শ শতকের ইউরোপে এই খাঁজ কাটা কয়েনের ইতিহাস শুরু হয়েছিল। সেই যুগে মুদ্রা তৈরি হতো খাঁটি সোনা এবং রুপো দিয়ে, যার ফলে ধাতু হিসেবে কয়েনগুলোর অন্তর্নিহিত মূল্য ছিল বেশ ভালোই। আর এই মূল্যবান ধাতুর লোভেই তখন একদল অসাধু মানুষ এক অভিনব জালিয়াতির পথ বেছে নিয়েছিল।
জালিয়াতরা কয়েনের ধার থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে কিছুটা ধাতু কেটে বাদ দিত, যা খালি চোখে সহজে ধরা পড়ত না। এই পদ্ধতিকে সেই সময় ‘কয়েন ক্লিপিং’ বলা হতো এবং কেটে নেওয়া অংশটুকু তারা নিজেদের কাছে জমিয়ে রাখত। এর ফলে বাজারে যে মুদ্রাগুলো ঘুরত, সেগুলোর ওজন আসল ওজনের চেয়ে বেশ কিছুটা কমে যেত। খুব দ্রুত এই জালিয়াতি এক বড়সড় অর্থনৈতিক সঙ্কটের রূপ নেয় এবং সাধারণ মানুষ মুদ্রার আসল মূল্য নিয়ে সন্দিহান হয়ে পড়ে।
সমাধান হিসেবে এল খাঁজকাটা নকশা
এই সমস্যা থেকে মুক্তি পেতেই সরকার কয়েনের ধারে নকশা বা খাঁজ কাটার বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। এর ফলে কেউ কয়েনের ধার কাটলেই সেই খাঁজকাটা নকশা নষ্ট হয়ে যেত এবং জালিয়াতি খুব সহজেই সবার সামনে ধরা পড়ে যেত।
আধুনিক যুগেও কেন এই নকশার কদর?
বর্তমানে অবশ্য আর সোনা বা রুপোর মুদ্রা তৈরি হয় না, তার বদলে বিভিন্ন শঙ্কর ধাতু ব্যবহার করা হয়। তাই এখন আর কয়েনের ধার কেটে ধাতু চুরি করার কোনো সুযোগ নেই। তবুও আধুনিক যুগেও কয়েনের গায়ে এই খাঁজ কাটা নকশা পুরোপুরি হারিয়ে যায়নি, যার পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ:
ঐতিহ্য ও গ্রিপ: যুগের পর যুগ ধরে মুদ্রা তৈরির ক্ষেত্রে এটি একটি ঐতিহ্য হিসেবে মেনে চলা হচ্ছে। তাছাড়া, এই খাঁজকাটা নকশার কারণে কয়েন হাতে ধরতেও দারুণ সুবিধা হয়। ভিজে বা ঠান্ডায় জমে যাওয়া হাত থেকে মসৃণ কয়েন সহজেই পিছলে যেতে পারে, কিন্তু খাঁজ থাকলে আঙুলের গ্রিপ অনেক ভালো হয়।
দৃষ্টিহীনদের সাহায্য: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দৃষ্টিহীন মানুষদের সাহায্য করা। অনেক দেশে বেশি মূল্যের কয়েনগুলিতে খাঁজ থাকে এবং কম মূল্যের কয়েনগুলি মসৃণ রাখা হয়। পকেটে হাত দিয়ে শুধুমাত্র স্পর্শ করেই দৃষ্টিহীনরা এর মাধ্যমে খুব সহজেই বুঝতে পারেন যে তাঁরা ঠিক কত টাকার মুদ্রা হাতে ধরে আছেন।
অতিরিক্ত সুরক্ষার স্তর: তাছাড়া আধুনিক যুগে জাল মুদ্রা তৈরি রুখতেও এই খাঁজকাটা নকশা একটি বাড়তি সুরক্ষার স্তর হিসেবে কাজ করে।
আজ ডিজিটাল পেমেন্টের যুগ হলেও আমাদের দৈনন্দিন জীবনে খুচরো মুদ্রার ব্যবহার কিন্তু একদমই ফুরিয়ে যায়নি। তাই পরের বার হাতে কয়েন পেলে অবশ্যই মনে রাখবেন, এই ছোট খাঁজগুলোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশাল ও আকর্ষক ইতিহাস।