বিগ বসের মঞ্চে বিরাট চমক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো-এ অতিথি হিসেবে পা রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

মাসখানেক ধরে টেলিভেশনের পর্দা থেকে শুরু করে সোশাল মিডিয়া—সর্বত্রই এখন তুমুল আলোচনার কেন্দ্রে ‘বিগ বস বাংলা’। এই শোয়ের প্রতিযোগীরা কে কেমন খেলছেন, তা নিয়ে যেমন জল্পনার অন্ত নেই, তেমনই এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে টলিপাড়ার আর কোন কোন তারকা অতিথি হয়ে হাজির হবেন, তা নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের। আর এবার এই রিয়্যালিটি শোয়ে আসছে সবথেকে বড় চমক!
খবর মিলছে, খুব শীঘ্রই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মঞ্চে হাজির হতে চলেছেন বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ তথা খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মূলত তাঁর আসন্ন ছবি ‘ডাক্তার কাকু’র প্রচারেই এই মেগা এন্ট্রি নিচ্ছেন তিনি। কিন্তু শুধু প্রচারেই শেষ নয়, সৌরভের পাশে বুম্বাদাকে দাঁড়িয়ে থাকতে দেখলে ঘরের বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে তাঁর ঠিক কী কথোপকথন হবে, সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন দর্শকরা।
কাদের সঙ্গে রয়েছে বুম্বাদার বিশেষ যোগ?
টলিপাড়ার অভিভাবক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিচিতি সর্বজনবিদিত। বিগ বসের ঘরের অনেক প্রতিযোগীর সঙ্গেই তাঁর অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। যেমন অভিনেত্রী মনামী ঘোষের সঙ্গে বুম্বাদার দারুণ সমীকরণ কারোরই অজানা নয়। দীর্ঘদিনের পরিচিতি রয়েছে ভরত কলের সঙ্গেও। আবার অভিনেতা জীতু কমলের সঙ্গে প্রসেনজিতের সম্পর্কটা বরাবরই একটু ‘নরমে-গরমে’।
সবথেকে বড় কথা, এই শোয়ের অন্যতম প্রতিযোগী তথা গায়ক দুর্নিবার সাহা হলেন প্রসেনজিতের একেবারে ‘ঘরের ছেলে’। কারণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক ঐন্দ্রিলা সেনের সঙ্গেই বিয়ে হয়েছে দুর্নিবারের। সেই সূত্রে দুর্নিবার এবং ঐন্দ্রিলা—দুজনেই বুম্বাদার অত্যন্ত কাছের মানুষ। ফলে চোখের সামনে অভিভাবকতুল্য প্রসেনজিৎকে দেখতে পেলে দুর্নিবারের প্রতিক্রিয়া কী হবে কিংবা ঘরের বাকি সদস্যরা কতটা আবেগপ্রবণ হয়ে পড়বেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
এই উইকএন্ডে আর কী কী টুইস্ট?
চলতি সপ্তাহে বিগ বসের ঘরে কোনো ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছে না বলেই জানা যাচ্ছে। তবে এই সপ্তাহে ঘর থেকে আদতে কে বাদ পড়বেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। প্রতি মুহূর্তের অপ্রত্যাশিত টুইস্টের জন্য পরিচিত এই শোয়ে শেষ পর্যন্ত কাউকেই এলিমিনেট করা হয় কি না, নাকি অন্য কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে, সেটাই এখন দেখার। উইকএন্ডের এই হাইভোল্টেজ এপিসোডের দিকেই এখন নজর সমস্ত দর্শকের।