কাঁটাচামচে ঠিক ৪টি প্রঙ বা কাঁটাই কেন থাকে? ৩ বা ৫টি নয় কেন? আসল রহস্য জানলে চমকে যাবেন!

চাউমিন, নুডলস কিংবা লোভনীয় পাস্তা—এই ধরনের সুস্বাদু খাবার খেতে আমরা কমবেশি সকলেই কাঁটাচামচ (Fork) ব্যবহার করে থাকি। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, সাধারণত এই ধরনের প্রতিটি কাঁটাচামচেই ঠিক চারটি করে ভাগ বা কাঁটা থাকে? কেন এতে তিনটি কিংবা পাঁচটি কাঁটা রাখা হয় না? এর নেপথ্যে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস ও সুনির্দিষ্ট কার্যকরী কারণ।
কাঁটাচামচের প্রাচীন ইতিহাস
কাঁটাচামচের ইতিহাস বেশ পুরনো। প্রাচীন মিশর, গ্রিস এবং রোমে কাঁটাচামচের মতো দেখতে নানা সরঞ্জামের প্রচলন ছিল, তবে সেগুলি মূলত রান্নার কাজে ব্যবহার করা হতো, খাবার খাওয়ার জন্য নয়। মধ্যযুগের ইউরোপে অধিকাংশ মানুষ হাত কিংবা ছুরি দিয়েই খাবার খেতেন। সেই যুগে খাওয়ার কাজে কাঁটাচামচের ব্যবহার অনেকের কাছেই বেশ অস্বাভাবিক বা অপ্রয়োজনীয় বলে মনে হতো।
প্রথমে ছিল মাত্র দু’টি কাঁটা
ইতিহাস বলছে, গোড়ার দিকে তৈরি কাঁটাচামচে চারটির বদলে মাত্র দু’টি কাঁটা বা দাঁত থাকত। মাংসের শক্ত টুকরো গেঁথে খাওয়ার ক্ষেত্রে এই নকশা কিছুটা কাজ চালালেও নুডলস, পাস্তা বা ভাতের মতো খাবার তুলতে গিয়ে মারাত্মক সমস্যা হতো। দুই কাঁটার ফাঁক দিয়ে খাবার সহজেই খসে পড়ে যেত। পরবর্তীতে ইতালিতে পাস্তার জনপ্রিয়তা হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে যাওয়ায় তিন কাঁটার চামচের ব্যবহার শুরু হয়। তবে তা সত্ত্বেও সব ধরনের খাবারের জন্য সেটি খুব একটা সুবিধাজনক ছিল না।
কীভাবে এল চার কাঁটার আধুনিক নকশা?
অবশেষে অষ্টাদশ শতকে কাঁটাচামচের নকশায় এক বিশাল ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। জানা যায়, নেপলসের জেনারো স্পাডাসিনি প্রথম বর্তমানের চার কাঁটার নকশাটি চালু করেন। এই চারটে কাঁটা থাকায় যেকোনো খাবার তোলা অত্যন্ত সহজ হয়ে ওঠে। ধীরে ধীরে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই নকশাই সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে।
কেন চারটে কাঁটাসম্বলিত নকশাই সেরা?
বিশেষজ্ঞদের মতে, চার কাঁটার চামচ যেকোনো খাবারে তুলনামূলকভাবে বেশি সাপোর্ট ও মজবুত গ্রিপ দেয়। ফলে পাস্তা বা নুডলসের মতো পেঁচানো খাবার নিখুঁতভাবে আটকে রাখা যায়। আবার মাংসের টুকরো গেঁথে তোলা হোক কিংবা নরম ও ছোট খাবার তুলে মুখে দেওয়া—সবক্ষেত্রেই এই নকশা অত্যন্ত কার্যকর।
চাইলেই কি চারটির বেশি কাঁটা দেওয়া সম্ভব নয়? বিশেষজ্ঞরা বলছেন, কাঁটা বেশি হলে চামচটি অতিরিক্ত চওড়া ও ভারী হয়ে যেতে পারে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য মোটেই আরামদায়ক নয়। পাশাপাশি, কাঁটাচামচের সামান্য বাঁকানো গঠনও খাবার ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। তাই প্রতিদিনের ব্যবহারের এই পরিচিত কাঁটাচামচ নিছক কোনো সাধারণ ডিজাইন নয়, বরং যুগের পর যুগ ধরে মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এটি আজকের এই নিখুঁত রূপ নিয়েছে।