সিপিএম গোখরো সাপ! ফণা তুললেই ডান্ডা মেরে হাসপাতালে পাঠানোর নিদান বিজেপি নেতার

বাদুড়িয়ার একটি প্রকাশ্য সভা থেকে সিপিএমকে সরাসরি আক্রমণ করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাসেম আলি। তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সভা মঞ্চ থেকে তিনি সিপিএমকে সামাজিক বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন।
‘গোখরো সাপকে ফণা তুলতে দেবেন না’
বাদুড়িয়ার ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা কাসেম আলি বলেন, আগে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধা থাকত। টুকরো টুকরো গ্যাংদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, সিপিএম আসলে একটি গোখরো সাপ। এই সাপকে ফণা তোলার সুযোগ দিলে তারা সঙ্গে সঙ্গে ছোবল মারবে।
তিনি আরও বলেন, “এদের গণতান্ত্রিকভাবে মাথায় মারুন। মাথায় মেরে হাসপাতালে পাঠিয়ে দিন। যখনই আজাদির কথা বলবে, হাতে ডান্ডা রাখবেন এবং ডান্ডা মেরে ঠান্ডা করে নেবেন।”
সামাজিক বয়কট এবং বস্তাবন্দির হুঁশিয়ারি
বক্তব্যের মাত্রা আরও চড়িয়ে কাসেম আলি জানান, সিপিএমের সঙ্গে কোনওোরকম আপস করা চলবে না। তাদের সম্পূর্ণভাবে সামাজিক বয়কট করার নিদান দেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল, সিপিএমের সঙ্গে মেলামেশা বন্ধ করুন, তাঁদের একঘরে করে দিন এবং তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখবেন না।
তিনি আরও বলেন, “লাল আর ফিরবে না। সিপিএম থেকে খুব সাবধান থাকুন। এদের মেরে বস্তাবন্দি করে পাঠিয়ে দিন। বাকিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে, সিপিএমের অস্তিত্ব আমরা মুছে দেব।”
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন যে, রাষ্ট্রবাদীদের জলের মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা হতে পারে। তাই এই ধরনের শক্তির বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সিপিএমের তীব্র প্রতিক্রিয়া
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা অনিমেষ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অতীতে এমন ভাষা ব্যবহার করতেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। এখন তাঁর বর্তমান পরিস্থিতি কী, তা সকলেরই জানা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরেও কীভাবে এই ধরনের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিটি থানায় এফআইআর দায়ের করার দাবিও জানিয়েছেন এই বাম নেতা।