রিচার্জের নিয়মে বিরাট পরিবর্তন! বছরে ১৩ বারের বদলে এবার থেকে করতে হবে মাত্র ১২ বার রিচার্জ, বড় স্বস্তিতে গ্রাহকরা

প্রিপেড মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল নতুন টেলিকম নিয়ম। এতদিন ধরে ২৮ দিনের হিসাব অনুযায়ী মাসে মাসে রিচার্জ করতে গিয়ে বছরে যেখানে ১৩ বার রিচার্জ করতে হতো, নতুন নিয়মে তা কমে দাঁড়াচ্ছে ১২ বারে। ৩০ দিনের বৈধতা সম্বলিত এই নতুন রিচার্জের নিয়মকে স্বাগত জানিয়ে একে “কম বাজেটের গ্রাহকদের জন্য বড় জয়” বলে অভিহিত করেছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

মূলত প্রিপেড মোবাইল ব্যবহারকারীদের রিচার্জে আরও বেশি বিকল্প এবং সাশ্রয়ী সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে আর মাস অনুযায়ী বছরে ১৩টি রিচার্জ করতে হবে না গ্রাহকদের। পরিবর্তে ৩০ দিনের হিসেব অনুযায়ী কেবল বছরে ১২টি রিচার্জ করলেই চলবে। নতুন এই প্ল্যানগুলির প্রশংসা করে রাঘব চাড্ডা জানিয়েছেন, এর ফলে সাধারণ গ্রাহকরা যেমন অতিরিক্ত সুবিধা পাবেন, তেমনই যারা মূলত ভয়েস কল এবং এসএমএসের জন্য ফোন ব্যবহার করেন, তারাও ভীষণভাবে উপকৃত হবেন। সরকারের নতুন Telecom Consumer Protection (Thirteenth Amendment) Regulations-এর উল্লেখ করে তিনি জানান যে এই পরিবর্তন সাধারণ মানুষের পকেটের চাপ অনেকটা কমাবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বতন টুইটার) এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রাঘব চাড্ডা লিখেছেন যে, ভারতের প্রিপেড মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত ভালো খবর। তিনি জানান, এর ফলে গ্রাহকরা এখন ৩০ দিনের নির্দিষ্ট রিচার্জ প্ল্যান পাবেন, যার জেরে বছরে ১৩টি মাসিক রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি, যাঁদের অতিরিক্ত ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য বিশেষ ভয়েস ও এসএমএস-কেন্দ্রিক প্ল্যান এবং কম বাজেটের গ্রাহকদের জন্য আরও উপযুক্ত বিকল্প হাজির করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে সীমিত রিচার্জের বিকল্প নিয়ে বহু গ্রাহক তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই অনুযায়ী তিনি গত ১১ মার্চ সংসদে এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছিলেন। গ্রাহকদের স্বার্থে এই উদ্বেগের সমাধান করায় তিনি ভারত সরকার এবং ট্রাই (TRAI)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর পক্ষ থেকে প্রকাশিত এই সংশোধিত নিয়মকাঠামোর আওতায় স্পেশাল ট্যারিফ ভাউচার (STVs)-এর নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। স্পেশাল ট্যারিফ ভাউচার হলো টেলিকম সংস্থাগুলির দেওয়া এমন কিছু প্রিপেইড পণ্য যা নির্দিষ্ট পরিষেবা ও মেয়াদের জন্য প্রযোজ্য। নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম অপারেটরদের এখন বাধ্যতামূলকভাবে এমন ভয়েস ও এসএমএস-অনলি ভাউচার অফার করতে হবে, যার বৈধতা ৩০ দিন বা তার কম মেয়াদের অন্যান্য বান্ডেল প্যাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজন অনুযায়ী প্রিপেইড প্ল্যান বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ নমনীয়তা দেওয়া। বিশেষ করে যাঁদের ডেটা ব্যবহারের প্রয়োজন নেই এবং শুধুমাত্র কথা বলা বা বার্তা পাঠানোর জন্য ফোন ব্যবহার করেন, তাঁরা এবার অতিরিক্ত কোনো বাড়তি খরচ ছাড়াই নিজেদের পছন্দমতো সাশ্রয়ী প্ল্যান বেছে নিতে পারবেন। নিয়ন্ত্রক সংস্থার এই যুগান্তকারী পদক্ষেপে টেলিকম ব্যবহারকারীরা এখন আরও বিস্তৃত সুযোগ এবং সুবিধা ভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *