“মুম্বইয়ে কবে বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক?” কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এল বিরাট আপডেট, একনজরে দিনক্ষণ

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন নিয়ে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। এর মাঝেই কমিশনের পক্ষ থেকে তাদের পরবর্তী বৈঠকের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ সালের ২২ ও ২৩ অক্টোবর মহারাষ্ট্রের মুম্বইতে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন কমিশন কর্তারা। এর আগে বেঙ্গালুরুতে ৭ ও ৮ অক্টোবর বৈঠকের দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি চণ্ডীগড়, চেন্নাই, পুদুচেরি এবং জয়পুরে ইতিমধ্যে সেপ্টেম্বরের আলোচনার পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সমস্ত বৈঠকে কর্মচারী সংগঠনগুলি মূলত মূল বেতন এবং ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর প্রসঙ্গ জোরালোভাবে তুলে ধরেছে।

মূল বেতন বনাম মোট বেতনের অঙ্ক
অতীতে সপ্তম বেতন কমিশনের সময় ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করা হয়েছিল। এর অর্থ ছিল, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা একজন কর্মচারীর মূল বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হবে। সেই হিসেবে মূল বেতন অনেকটাই বাড়লেও, তৎকালীন সময়ে মোট বেতন (Gross Salary) বৃদ্ধির হার ছিল তুলনামূলকভাবে অনেকটাই কম—প্রায় ১৪.২৮ শতাংশ।

মূল বেতন এবং মোট বেতনের মধ্যে এই ফারাকের মূল কারণ হিসেবে উঠে এসেছে মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-র হার। বেতন সংশোধনের সময় যদি ডিএ-র হার ইতিমধ্যেই অনেক বেশি থাকে, তবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর মোট বেতন বৃদ্ধির হার কিছুটা কমে যায়। যেমন, সপ্তম বেতন কমিশন যখন কার্যকর হয়, তখন ডিএ-র হার ছিল ১২৫ শতাংশ। এর ফলে কর্মচারীরা আগেই তার সমতুল্য সুবিধা পাচ্ছিলেন।

অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য হিসাব
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ রয়েছে ৬০ শতাংশে। যদি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে অষ্টম বেতন কমিশনের প্রতিবেদন অনুমোদিত হয়, তবে এই হার বেড়ে প্রায় ৬৬ শতাংশে পৌঁছাতে পারে। ফলে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে মোট বেতন কতটা বাড়বে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

একটি আনুমানিক হিসাবে দেখা যাচ্ছে, লেভেল ৮-এর একজন কর্মীর বর্তমান মূল বেতন যদি ৪৭,৬০০ টাকা এবং মোট বেতন ৯০,৪৪৪০ টাকা হয়, তবে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ছবিটা কেমন হতে পারে:

২.০ ফিটমেন্ট ফ্যাক্টর: নতুন মূল বেতন হতে পারে ৯৫,২০০ টাকা এবং মোট বেতন ১,১৮,০৪৮ টাকা।

২.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর: নতুন মূল বেতন ১,১৩,২৮৮ টাকা এবং মোট বেতন ১,৪০,৪৭৭ টাকা।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর: নতুন মূল বেতন ১,২২,৩৩২ টাকা এবং আনুমানিক মোট বেতন ১,৫১,৬৯২ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে, যার অর্থ মোট বেতনে প্রায় ৬৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।

তবে এগুলি কেবল সম্ভাব্য হিসাব এবং বিভিন্ন ভাতার ওপর নির্ভর করে অঙ্কের হেরফের হতে পারে। অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেই কর্মচারীদের বেতন ও পেনশনের প্রকৃত চিত্রটি স্পষ্ট হবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *