“দল থেকে বাদ দিলে মরে যাব!” এশিয়ান গেমসের ঠিক আগে তরুণী অ্যাথলেটের আত্মহত্যার হুমকিতে তোলপাড়!

আর মাত্র কদিন পরেই জাপানে শুরু হতে চলেছে মহাযজ্ঞ। কিন্তু তার ঠিক প্রাক্কালেই ভারতীয় ক্রীমহলে নেমে এল এক চরম বিতর্কের কালো মেঘ। এশিয়ান গেমসের দল থেকে শেষ মুহূর্তে নাম বাদ যাওয়ার পর চরম মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার হুমকি দিলেন ১৮ বছর বয়সি উদীয়মান উশু অ্যাথলেট দিব্যাংশী। পতিয়ালার এই ঘটনায় দেশের খেলাধুলার অন্দরে তীব্র চাঞ্চল্য ও হাহাকার শুরু হয়েছে।
জানা গিয়েছে, এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হওয়ার পর দিব্যাংশীকে দল থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় অভিজ্ঞ রোশিবিনা দেবীকে ৬০ কেজি সান্দা বিভাগে সুযোগ দেওয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তরুণী অ্যাথলেট। সম্প্রতি প্রায় ৯ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিব্যাংশী অভিযোগ করেছেন, গত জুন ও জুলাই মাস থেকেই জাতীয় শিবিরে তাঁকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করা হচ্ছিল। এমনকী সতীর্থ রোশিবিনা ইচ্ছাকৃতভাবে তাঁকে চোট আঘাত দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।
কোচ অশোক গৌতমের দাবি অনুযায়ী, বিগত এক বছরে পাঁচটি বাছাই পর্বে অংশ নিয়ে প্রতিটিতেই প্রথম স্থান অর্জন করেছিলেন দিব্যাংশী। শেষ বাছাইয়ে রোশিবিনাকেও হারিয়েছিলেন তিনি। উশু ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হাঁটুতে ‘এসিএল’ (ACL) চোটের কারণে এবং ঠিকমতো অনুশীলন না করার ফলেই তাঁকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। তবে কোচের পাল্টা যুক্তি, দিব্যাংশীর চোট অতটাও গুরুতর ছিল না এবং চিকিৎসকরা তাঁকে খেলার অনুমতি দিয়েছিলেন। উল্টোদিকে, যাঁকে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর দুই পায়েই গুরুতর চোট রয়েছে বলে অভিযোগ।
নিজের সাফাই জানানোর বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই তাঁকে দেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন দিব্যাংশী। এশিয়ান গেমসের দল রওনা দেওয়ার ঠিক আগে এই হাই-প্রোফাইল বিতর্কে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তরুণী অ্যাথলেটের এই চরম পদক্ষেপের হুমকির পর প্রশাসনিক স্তরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।