আধার কার্ডে বিরাট পরিবর্তন! এবার শুধু মুখ দেখিয়েই মিলবে পরিচয় যাচাইয়ের সুবিধা, জানুন কীভাবে কাজ করবে!

আধার কার্ড ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং নিরাপদ পরিচয় যাচাই ব্যবস্থা নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI)। এবার থেকে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রযুক্তি সংস্থা (Fintech) এবং বিমা সংস্থাগুলি তাদের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমেই গ্রাহকদের আধার-ভিত্তিক মুখ শনাক্তকরণ (Face Authentication) বা ফেস ভেরিফিকেশন করাতে পারবে।
এর ফলে সাধারণ ব্যবহারকারীদের আর আলাদা কোনো অ্যাপের মধ্যে ছোটাছুটি করতে হবে না। যেকোনো নির্দিষ্ট কোম্পানির অ্যাপের ক্যামেরা ব্যবহার করেই মুখের ছবি তুলে আধারের তথ্যের সঙ্গে তা মিলিয়ে নেওয়া সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে সিস্টেমটি যাচাই করবে যে সামনে থাকা ব্যক্তিটি আসল কি না। এমনকি ছবি বা ভিডিও ব্যবহার করে কোনো ভুয়া যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে কি না, তাও শনাক্ত করা যাবে এই প্রযুক্তির মাধ্যমে।
কী জানাচ্ছে ইউআইডিএআই? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ব্যবস্থাটি মূলত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য আনা হয়েছে। এর ফলে সাধারণ আধার ব্যবহারকারীদের এখনই হুট করে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না বা আধারের তথ্য পরিবর্তন করতে হবে না। সংশ্লিষ্ট কোনো কোম্পানি বা ব্যাংক তাদের নিজেদের অ্যাপে এই সুবিধা চালু করলে, তখন ব্যবহারকারীরা সেই অ্যাপের মাধ্যমেই পরিচয় যাচাই করতে পারবেন। পেনশনভোগীদের জীবন প্রমাণপত্র তৈরি, সরকারি সুবিধার সুফল পাওয়া এবং নতুন মোবাইল কানেকশন নেওয়ার মতো নানা ক্ষেত্রে এই প্রযুক্তি আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।