একা হাতে নদী পরিষ্কার করে রাতারাতি বিশ্বজয়ী! আন্তর্জাতিক চাকরির প্রস্তাব পেয়ে এবার বিট্টু যা করতে চলেছেন…

একা হাতে দূষিত নদী পরিষ্কার করে গোটা দেশের নজর কেড়েছিলেন মধ্যপ্রদেশের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে বিট্টু তবাহি (Bittu Tabahi)। নিজের জমানো টাকা খরচ করে অজনার নদী থেকে টন টন প্লাস্টিক ও আবর্জনা সরিয়ে পরিবেশ রক্ষার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ কাজের খ্যাতি এখন কেবল দেশেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সুদূর আন্তর্জাতিক স্তরেও। নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশ সংস্থা ‘দ্য ওসিয়ান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা বোয়ান স্লাটের নজর কেড়ে তিনি ইতিমধ্যেই সেই নামী সংস্থার কাছ থেকে লোভনীয় চাকরির প্রস্তাবও পেয়েছেন।

তবে বিদেশের কোনো সংস্থায় স্থায়ীভাবে কাজ করতে গিয়ে নিজের স্বপ্নকে থমকে দিতে নারাজ এই কুড়ি বছরের তরুণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করে তিনি তাঁর আগামী বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। বিট্টু জানিয়েছেন, বিদেশ থেকে চাকরির অফার এলেও তিনি এখনই সেই পথে হাঁটছেন না। বরং নিজের সঞ্চয় ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবার দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে নদী এবং পরিবেশ পরিষ্কারের মেগা অভিযানে নামতে চান।

ভিডিওর শেষ অংশে তিনি তাঁর অগণিত অনুগামীর কাছে একটি বিশেষ প্রশ্ন রাখেন—তিনি যেন এবার কোন রাজ্যে গিয়ে সাফাই অভিযান শুরু করেন? মুহূর্তেই তাঁর সেই কমেন্ট বক্স দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অনুরোধ ও পরামর্রে ভরপুর হয়ে ওঠে। কেউ তাঁকে বিহার, কেউ উত্তরাখণ্ড আবার কেউ মহারাষ্ট্রে যাওয়ার আবেদন জানান। কোনো সরকারি সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় নদী বাঁচানোর এই লড়াইয়ে নেমে আজ তিনি দেশের যুবসমাজের কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *