স্মার্টটিভিতে লুকিয়ে কী দেখেন কেউ জানতে পারবে না! ইউটিউবের ধামাকাদার লক ফিচারে চমক

বাড়িতে একটাই স্মার্টটিভি (Smart TV), আর তাতেই পরিবারের সব সদস্য মিলে ইউটিউব (YouTube) দেখেন? অনেক সময়ই দেখা যায়, নিজের পছন্দমতো ভিডিও বা সার্চ হিস্ট্রি পরিবারের অন্য কারোর সামনে চলে আসার একটা অস্বস্তি থাকে। ব্যবহারকারীদের এই গোপনীয়তার কথা মাথায় রেখেই ইউটিউব নিয়ে এল এক দুর্দান্ত ফিচার। এবার থেকে স্মার্টটিভিতেও নিজের ইউটিউব অ্যাকাউন্ট চার অঙ্কের সিক্রেট কোড দিয়ে আলাদা করে লক করে রাখা যাবে। বিশ্বজুড়েই এই নতুন ফিচারটি চালু করে দিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
কীভাবে কাজ করবে এই অ্যাকাউন্ট লক? ইউটিউবের সাপোর্ট পেজ এবং সিইও নীল মোহন সোশ্যাল মিডিয়ায় এই নতুন ফিচারের ঘোষণা করেছেন। এই ফিচারটি চালু করার পর আপনার অ্যাকাউন্টটি একটি ৪ সংখ্যার কোড দিয়ে সুরক্ষিত থাকবে। ফলে একই টিভিতে অন্য কেউ ইউটিউব চালালেও আপনার ব্যক্তিগত সার্চ হিস্ট্রি (Search history), রেকমেন্ডেশন বা সাবস্ক্রিপশন কেউ দেখতে পাবেন না। বিশেষ করে যেসব পরিবারে শিশু কিংবা বয়স্ক সদস্যসহ একাধিক ব্যক্তি একই টিভি ব্যবহার করেন, তাঁদের জন্য এটি দারুণ উপযোগী একটি ফিচার।
কীভাবে সেট করবেন এই লক? স্মার্টটিভিতে খুব সহজেই এই সিক্রেট লকটি চালু করা সম্ভব:
-
প্রথমে আপনার স্মার্টটিভিতে ইউটিউব অ্যাপটি খুলুন।
-
এবার বাঁ দিকের মেনু থেকে নিজের অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।
-
অ্যাকাউন্টের নিচে থাকা ‘সেটিংস’ (Settings) অপশনে যান।
-
স্ক্রিনে দেখানো নির্দেশিকা অনুসরণ করে ‘অ্যাকাউন্ট লক’ অপশনে ক্লিক করুন।
-
নিজের পছন্দমতো একটি চার সংখ্যার সিক্রেট কোড তৈরি করুন। কোড সেট হয়ে যাওয়ার পর সঠিক পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্ট লক থাকবে।
আনলক করবেন কীভাবে? আপনার লক করা অ্যাকাউন্টটি আনলক করার জন্য মোবাইল ইউটিউব অ্যাপের সাহায্য নিতে হবে। টিভিতে ‘লক অ্যাকাউন্ট’ সিলেক্ট করার পর ফোনে ইউটিউব অ্যাপ খুললেই আনলক করার প্রম্পট বা নোটিফিকেশন চলে আসবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে ঘরে বসে বা দূর থেকে গুগল ডিভাইসে গিয়ে (google.com/devices) কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট সাইন-ইন করা রয়েছে তা যাচাই করতে পারবেন এবং অপরিচিত কোনো ডিভাইস দেখলে রিমোটলি সাইন আউটও করতে পারবেন।