ইনস্টাগ্রামে এল দুর্দান্ত নতুন ফিচার! অন্যের ট্যাগ করা ছবি এবার সোজা সাজিয়ে নিন নিজের প্রোফাইল গ্রিডে

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে নিয়ে এল এক দুর্দান্ত আপডেট। মেটার এই প্ল্যাটফর্মে এবার যুক্ত হয়েছে নতুন ‘ট্যাগড পোস্ট’ (Tagged Post) আপডেট ফিচারের সুবিধা। এর ফলে অন্য কেউ আপনাকে কোনো পোস্টে ট্যাগ করলে, সেই পছন্দসই পোস্টটি আপনি সরাসরি নিজের মেইন প্রোফাইল গ্রিডেও (Profile Grid) যুক্ত করতে পারবেন। বিশ্বজুড়ে এই নতুন ফিচার রোলআউট করা শুরু করেছে সংস্থাটি।

কী সুবিধা মিলবে এই ফিচারে? এতদিন নিয়ম অনুযায়ী, অন্য কেউ পোস্টে ট্যাগ করলে তা শুধু নোটিফিকেশন হিসেবে আসত এবং প্রোফাইল গ্রিডে সরাসরি সেই ছবি বা ভিডিয়ো দেখানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু নতুন এই আপডেটের সুবাদে ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলে কোন কোন ট্যাগ করা পোস্ট দৃশ্যমান হবে, তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বাধীনতা পাবেন। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি (Adam Mosseri) একটি পোস্টের মাধ্যমে এই নতুন সুবিধার কথা ঘোষণা করেছেন।

প্রোফাইল গ্রিডে কীভাবে যুক্ত করবেন ট্যাগ করা পোস্ট? ইনস্টাগ্রাম মোট তিনটি সহজ উপায়ে এই কাজটি করার সুযোগ দিয়েছে:

  • প্রথমত, কোনো পোস্টে ট্যাগ হওয়ার পর সরাসরি ডিরেক্ট মেসেজ (DM) বা নোটিফিকেশন থেকে সেটি মেইন গ্রিডে অ্যাড করা যাবে।

  • দ্বিতীয়ত, ট্যাগড পোস্ট ওপেন করে তার থ্রি-ডট মেনু (Three-dot menu) থেকেও এই অপশনটি পাওয়া যাবে।

  • তৃতীয়ত, প্রোফাইলের ট্যাগড সেকশনে গিয়ে কোনো পোস্টের ওপর প্রেস অ্যান্ড হোল্ড করে সেটিকে সরাসরি মেইন গ্রিডে যুক্ত করা সম্ভব।

পুরনো লে-আউট থাকবে সুরক্ষিত: ইনস্টাগ্রাম পরিষ্কার জানিয়েছে যে, নতুন কোনো ট্যাগড পোস্ট গ্রিডে যোগ করলে তা সাধারণ রিভার্স-ক্রনোলজিকাল অর্ডারে সাজানো থাকবে। যাঁরা ইতিমধ্যেই নিজেদের প্রোফাইলের লে-আউট নিজের মতো করে সাজিয়ে রেখেছেন, তাঁদের সেই সুন্দর অ্যারেঞ্জমেন্ট নষ্ট হবে না বা অটোমেটিকভাবে রিসেট হবে না। এছাড়া এই ফিচারের মাধ্যমে ট্যাগড পোস্ট মেইন গ্রিডে আনলেও মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না এবং যিনি পোস্টটি আপলোড করেছেন, তাঁর প্রোফাইলেই সেটি আগের মতো থাকবে। এমনকি পরবর্তী সময়ে ব্যবহারকারী চাইলে মূল পোস্ট ডিলিট না করেই কেবল নিজের প্রোফাইল গ্রিড থেকে সেটি সরিয়ে ফেলতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *