অমর্ত্য সেনের পর এবার নাম জড়াল সিএনআর রাওয়ের! ভোটার তালিকার জটিলতা নিয়ে আসল সত্যটা কী?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে শোরগোল পড়েছিল আরেক ভারতরত্ন তথা প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর সিএনআর রাওয়ের নামকে কেন্দ্র করে। তবে এই জল্পনা ও প্রবল বিতর্কের আবহে এবার সমস্ত ধোঁয়াশা দূর করে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। বেঙ্গালুরুর ইলেকশন অফিসার তথা চিফ কমিশনার মহেশ্বর রাও সাফ জানিয়ে দিয়েছেন যে, ভারতরত্ন অধ্যাপক সিএনআর রাওকে কোনও ধরনের নোটিশ পাঠানো হয়নি; সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি সম্পূর্ণ সত্য নয়।

কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত হওয়ার সময় কিছু তথ্যগত অমিল বা নাম পরিবর্তনের বিষয় ছিল। তৎকালীন সময়ে মালেশ্বরপুরম বিধানসভা কেন্দ্রের তালিকায় তাঁর নাম ‘রামা’ হিসেবে থাকলেও বর্তমানে তা পরিবর্তিত হয়ে প্রফেসর সিএনআর রাও হয়েছে। এই সামান্য তথ্যাগত অসঙ্গতি দূর করতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পশ্চিম বেঙ্গালুরু পুরনিগমের কমিশনার স্বয়ং বিজ্ঞানীর বাড়ি যান এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের এনুমারেশন ফর্ম দেন।

স্থানীয় বিএলও (BLO) শুরুতে নামের এই পরিবর্তনের বিষয়টি নজর এড়িয়ে যাওয়ায় পরে তা সংশোধন করতে এই পদক্ষেপ নেওয়া হয়। আর বাড়ি গিয়ে এই ফর্ম পূরণ করানোর ঘটনাটিকেই অনেকে ভুলবশত ‘নোটিশ পাঠানো’ বলে মনে করেছিলেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএলও ইতিমধ্যেই প্রবীণ বিজ্ঞানীর নাম নির্ভুলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন এবং বর্তমানে সেই কাজই চলছে।

উল্লেখ্য, এর আগে অমর্ত্য সেনের ক্ষেত্রে তাঁর মায়ের সঙ্গে বয়সের ফারাক নিয়ে এসআইআর বিতর্ক রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল। এবার দেশের অন্যতম সর্বোচ্চ সম্মানপ্রাপক বিজ্ঞানী সিএনআর রাওয়ের নাম এই বিতর্কে জড়ানো ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলেও, কমিশনের স্পষ্টবার্তায় আপাতত সেই সমস্ত জল্পনার অবসান ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *