১০০০-এর মধ্যে ফেল ৯৫৮! কলকাতার নামী রেস্তোরাঁ ও হোটেলগুলিতে কড়া পদক্ষেপের পর হু হু করে বাড়ছে বন্ধের তালিকা

খাবারের মান নিয়ে কঠোর অবস্থান নিল কলকাতা পৌরসভা। শহরজুড়ে চলা ভেজাল ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযানে বুধবার আরও ২৫টি রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবারই প্রায় ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছিল। ফ্রি স্কুল স্ট্রিটের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই এই মেগা ভিজিট বা পরিদর্শন অভিযান শুরু করেছে পুরসভা।
পৌরসভা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত শহরের ১০০০টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে, যার মধ্যে অবিশ্বাস্যভাবে ৯৫৮টি প্রতিষ্ঠানই বিভিন্ন পরীক্ষায় ফেল করেছে। মাত্র ৪২টি প্রতিষ্ঠান মানদণ্ড রক্ষা করতে পেরেছে। কলকাতা পৌরসভা এলাকায় প্রায় সাড়ে তিন হাজার আবাসিক হোটেল রয়েছে এবং প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে ক্রমানুসারে এই সমস্ত হোটেল ও রেস্তোরাঁ পরিদর্শন করা হবে।
পরিদর্শনকালে একাধিক হোটেল থেকে পচা খাবার উদ্ধার করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মানার গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রশাসক স্মিতা পাণ্ডে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ফুড ইন্ডাস্ট্রিকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার প্রায় ৫৯২টি জায়গায় অভিযান চালিয়ে ১২২৪ কেজি নষ্ট ও ক্ষতিকর খাবার ফেলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি বা হাইজিন বজায় না রাখলে এই ধরনের কড়া পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।