ফেসবুক-ইনস্টাগ্রামে এবার বড় চমক! ফিডের নিয়ন্ত্রণ কি পুরোপুরি চলে আসছে আপনার হাতেই?

সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিংয়ের নেশা এবং তার জেরে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর পড়া প্রভাব রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। অস্ট্রেলিয়া সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তাদের রেকমেন্ডশন অপশনটি বাধ্যতামূলক না রেখে সম্পূর্ণ ঐচ্ছিক হিসেবে রাখতে বলা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের সোশ্যাল মিডিয়া ফিডের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবেন বলে মনে করা হচ্ছে।
সাধারণত ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে এমন অনেক কন্টেন্ট বা রিল ফিডে চলে আসে, যেগুলি ব্যবহারকারী লাইক বা ফলো করেন না। বিশেষ এক ধরনের ‘লুপ অ্যালগোরিদম’ (Loop Algorithm)-এর মাধ্যমে ব্যবহারকারীদের এই চক্রে আটকে রাখা হয়, যার ফলে সহজেই প্ল্যাটফর্ম থেকে বের হওয়া যায় না। এই সমস্যা দূর করতেই আনা হচ্ছে ‘মাই ফিড মাই ওয়ে’ (My Feed My Way) নামের একটি নতুন অপশন, যা ১৬ বছর বা তার বেশি বয়সি ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
এই নতুন ফিচারটি চালু থাকলে ব্যবহারকারীরা কেবল নিজেদের প্রোফাইলে থাকা বন্ধু, ফলোয়ার্স এবং যে সমস্ত পেজ তাঁরা নিজে থেকে লাইক করেছেন, শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলির কন্টেন্টই দেখতে পাবেন। ফিডে অন্য কোনো অপ্রয়োজনীয় বা রেকমেন্ডেড কন্টেন্ট আসবে না। সিএনবিসি-র (CNBC) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু সোশ্যাল মিডিয়াই নয়, আগামী দিনে এআই চ্যাটবট এবং ইন্টারেক্টিভ গেমিংয়ের ক্ষেত্রেও এই ধরনের নিয়ন্ত্রণমূলক ফিচার ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। প্ল্যাটফর্মের পরিবর্তে সোশ্যাল মিডিয়া ফিডের সম্পূর্ণ কন্ট্রোল যাতে সাধারণ মানুষের নিজের হাতেই থাকে, সেটাই এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য।