পুজোর ছুটির আগেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা! সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা, কারা পাবেন?

দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্য সরকারি কর্মীদের জন্য এল এক বিরাট সুখবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশ হতে চলেছে। শুধু বর্তমান কর্মীরাই নন, একই হারে মহার্ঘ ত্রাণ বা ডিআর (DR) পাবেন রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও।
রাজ্য সরকারের অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও এই বর্ধিত ডিএ-র পুরো সুবিধা পাবেন। এ ছাড়া পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, নির্দিষ্ট ন্যূনতম মজুরি আইনের আওতাধীন নন এমন দৈনিক মজুরির কর্মীদের দৈনিক মজুরি ১ অক্টোবর থেকে আরও ১১০ টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে।
এ বছর আগামী ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হচ্ছে। এই ছুটির কথা মাথায় রেখেই উৎসবের আগেই কর্মীদের হাতে বেতন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই অনুযায়ী, আগামী ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যেই সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম বেতন পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, পুজোর আনন্দ দ্বিগুণ করতে একদিকে যেমন ৩৮ শতাংশ হারে ডিএ মিলবে, তেমনই ছুটির আগেই পকেট ভারী হবে সরকারি কর্মীদের।