“হিমালয়ের বুকে টাইম বোমা!”-৪টি বিপজ্জনক হ্রদের জলস্তর কমাতে মাঠে নামল নেপাল

তুষারধস এবং মারাত্মক বন্যার হাত থেকে রক্ষা পেতে হিমালয়ের বুকে বড় পদক্ষেপ করল নেপাল প্রশাসন। গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা ‘গ্লফ’ (GLOF)-এর জেরে সৃষ্ট বিপদের আশঙ্কা কমাতে নেপালের চারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্রদের জলস্তর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গ্লফ সঞ্জীবনী’ প্রকল্প। যার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ডের ৩৬.১৬ মিলিয়ন ডলার অনুদান সহ মোট প্রায় ৫০ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছে।

নির্বাচিত ঝুঁকিপূর্ণ চারটি হ্রদের মধ্যে রয়েছে সোলুখুম্বুর ‘লুমডিং সো’ ও ‘হংগু-টু’, সংকুয়াসভার ‘লোয়ার বারুন’ এবং মানাংয়ের ‘থুলাগি’ ওরফে ‘দোনা’। ২০২০ সালে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD) এবং ইউএনডিপির সমীক্ষায় নেপালের ২১টি হ্রদকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। অতীতে ‘সো রোলপা’ এবং ‘ইমজা’ হ্রদের জল কমানো হলেও, বিজ্ঞানীদের মতে অর্থনৈতিক কারণে নামমাত্র জলস্তর কমানো হয়েছিল, যা পর্যাপ্ত নয়।

বিজ্ঞানীদের স্পষ্ট সতর্কবার্তা, শুধু জল কমালেই হবে না; হ্রদের বহির্গমনপথ নিয়ন্ত্রণ, বাঁধ শক্তিশালী করা এবং নিয়মিত বৈজ্ঞানিক মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। চলতি বছরে মূলত নকশা ও সমীক্ষার কাজ দিয়ে এই প্রকল্প শুরু হলেও, তা আদতে কতটা কার্যকর হবে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *