পোস্ট অফিসে লাইনে দাঁড়ানোর দিন শেষ! ঘরে বসেই এই অ্যাপে সেরে নিন সমস্ত কাজ

ডিজিটাল যুগে যখন প্রায় সবকিছুই হাতের মুঠোয় চলে এসেছে, তখন পিছিয়ে নেই ভারতীয় ডাক বিভাগও (Indian Post)। গ্রাহকদের নানা ধরনের হয়রানি কমাতে এবং পরিষেবা আরও দ্রুত ও সহজলভ করতে নতুন ‘ডাক সেবা অ্যাপ’ (Dak Sewa App) লঞ্চ করেছে তারা। আইটি ২.০ (IT 2.0) আপগ্রেডেশনের অংশ হিসেবে বাজারে আসা এই অ্যাপটি ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ ডাউনলোড করেছেন।
এই অ্যাপে কী কী সুবিধা মিলবে?
এতদিন পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো। তবে ‘ডাক সেবা’ অ্যাপে সমস্ত পরিষেবা এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে:
বাড়ি বসে পার্সেল বুকিং ও পিকআপ: এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই স্পিড পোস্ট বা পার্সেল বুক করতে পারবেন এবং হোম পিকআপের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ডাক কর্মীরা বাড়ি এসেই পার্সেল সংগ্রহ করে নিয়ে যাবেন।
রিয়েল-টাইম ট্র্যাকিং ও মাসশুল গণনা: নির্দিষ্ট আর্টিকেল নম্বর দিয়ে পাঠানো চিঠি বা পার্সেল বর্তমানে কোথায় রয়েছে, তা রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে। পাশাপাশি, পার্সেলের ওজন ও গন্তব্য লিখে ডাকমাশুল কত লাগবে, তাও আগে থেকেই জেনে নেওয়া সম্ভব।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা: পার্সেল বুকিং, সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া কিংবা বিল পেমেন্টের জন্য আর নগদ টাকার প্রয়োজন নেই। ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে সরাসরি ই-রসিদ পেয়ে যাবেন গ্রাহকরা।
আর্থিক পরিষেবা: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক, টাকা তোলা-জমা, পিএলআই বা আরপিএলআই (PLI/RPLI) ইন্স্যুরেন্সের তথ্য এবং মানি অর্ডার বুকিংয়ের মতো কাজ এই অ্যাপ থেকেই করা যাবে।
অন্যান্য দরকারি ফিচার: নিকটবর্তী পোস্ট অফিসের ঠিকানা, সঠিক পিন কোডের তথ্য খোঁজা এবং কোনো অভিযোগ থাকলে তা জানিয়ে তার বর্তমান স্ট্যাটাস ট্র্যাক করার সুবিধা রয়েছে।
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Dak Sewa’ লিখে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন করলেই লগইন করা সম্ভব হবে। বাংলা ও হিন্দি সহ মোট ২৩টি ভারতীয় ভাষায় এই অ্যাপটি ব্যবহার করা যায়, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। কোনো ধরনের সমস্যায় পড়লে অ্যাপের ভেতর থেকেই সরাসরি টোল ফ্রি নম্বর 1800-266-6868-এ কল করে সাহায্য পাওয়া যাবে।