বেলুচিস্তানে জোড়া হামলা, ২৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএ-র

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ পৃথক দুটি স্থানে এই হামলা চালিয়ে অন্তত ২৫ জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে। একইসঙ্গে ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি সামরিক যান এবং জব্দ করা হয়েছে অস্ত্রশস্ত্র।
বৃহস্পতিবার বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন। সংগঠনটির দাবি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর জিয়ারাত ক্রসের কাছে পাকিস্তানি সামরিক কনভয়ের ওপর প্রথম হামলাটি চালানো হয়। বিএলএ-র বিশেষ ফাতেহ স্কোয়াড এই অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, ওই কনভয়ের চারটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালানো হলে একটি সামরিক ট্রাকসহ দুটি যান সম্পূর্ণ ধ্বংস হয়। ঘটনাস্থলেই ১৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হন। বাকিদের মধ্যে পাঁচজন আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন বেলুচ যোদ্ধারা।
এর কিছু সময় পর সুরাবের হাজিকা এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়। বিএলএ-র স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড বা এসটিওএস দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই গাড়ির মাধ্যমে এই বিস্ফোরণ ঘটায়। এতে আরও একটি সামরিক যান ধ্বংস হয় এবং সাতজন পাকিস্তানি সেনা নিহত হন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই রক্তক্ষয়ী হামলার পর নিহত কিছু সেনার নাম ও পরিচয় সংবলিত একটি তালিকাও প্রকাশ করেছে বিএলএ। তবে এই ভয়াবহ হতাহতের ঘটনা বা তালিকা নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক বা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।