বিরাটির জনপ্রিয় রেস্তোরাঁয় হানা খাদ্য সুরক্ষা দফতরের! অস্বাস্থ্যকর রান্না ও পোকামাকড়ের উপদ্রব দেখে চোখ কপালে কর্তাদের

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি শিকেয় তুলে ব্যবসা চালানোর অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল খাদ্য সুরক্ষা দফতর। উত্তর ২৪ পরগনার বিরাটিতে এম বি রোড সংলগ্ন, মিনি বাস ডিপোর বিপরীতে অবস্থিত একটি সুপরিচিত রেস্তোরাঁয় আকস্মিক অভিযান চালালেন ফুড সেফটি অফিসাররা। গত ৩ সেপ্টেম্বর পরিচালিত এই বিশেষ পরিদর্শনে রেস্তোরাঁটির পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণ এবং পরিকাঠামোগত একাধিক গুরুতর খামতি সামনে আসার পর দফতরের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে।
সরকারি পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী, রেস্তোরাঁ চত্বরে খাদ্য সুরক্ষার প্রাথমিক শর্ত হিসেবে বিবেচিত বৈধ ‘এফএসএসএআই’ (FSSAI) লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কোনও দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা হয়নি। পাশাপাশি, রেস্তোরাঁটির সামগ্রিক স্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের বন্দোবস্ত এবং জানলা-দরজায় পোকা প্রতিরোধের কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আধিকারিকরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, রেস্তোরাঁটিতে তেলাপোকা বা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের অবাধ বিচরণ ও উপদ্রবের স্পষ্ট প্রমাণ মিলেছে। তা সত্ত্বেও কীটপতঙ্গ দমনের জন্য কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর পাশাপাশি, কাঁচা মাংস বা মাছ এবং রান্না করা খাবার আলাদা করে সংরক্ষণ না করে একসঙ্গে ফেলে রাখা, ধুলোবালি ও পোকা থেকে খাবার খোলা অবস্থায় রাখা এবং রান্নার উপাদান সংরক্ষণের ক্ষেত্রেও চরম অসাবধানতা ধরা পড়েছে ফুড সেফটি অফিসারের নজরে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এই ধরনেরগাফিলতির ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।