ট্রেন বন্ধ হতেই উত্তরবঙ্গের বাসের টিকিটে আগুন! হু হু করে দাম বাড়ায় পকেট ফাঁকা হচ্ছে যাত্রীদের।

ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ও গৌড় এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। আর এই ট্রেন বাতিলের সুযোগকেই হাতিয়ার করে এবার বেসরকারি বাস মালিকরা টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাঙালি মানেই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ প্রথম পছন্দ। কিন্তু হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার পর্যটক। বিকল্প মাধ্যম হিসেবে মানুষ এখন বাসের দিকে ঝুঁকছেন। আর তাতেই ধর্মতলা সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে টিকিটের জন্য শুরু হয়েছে চরম হাহাকার। যাত্রীদের অভিযোগ, সাধারণ সময়ে যে টিকিটের দাম বারোশো থেকে তেরোশো টাকা থাকে, এখন তা চড়িয়ে চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম দিয়েও অনেক ক্ষেত্রে টিকিট মিলছে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে অবিলম্বে অতিরিক্ত বাস চালানোর দাবি তুলেছেন সাধারণ মানুষ।