চিনে ভয়ংকর টাইফুনের তাণ্ডব! স্কুল চত্বরে বন্দি আড়াই হাজার শিক্ষক-পড়ুয়া, পরিস্থিতি সামলাতে নামল ড্রোন

ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই চিনের পূর্ব উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন ‘সাউডেল’। গত ৩ সেপ্টেম্বর ফুজিয়ান প্রদেশে ল্যান্ডফলের পর থেকেই সেখানে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যার জেরে একাধিক এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এবং জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের ফ্ল্যাশ-ফ্লাড সতর্কতা।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরে। সেখানে একটি স্কুল চত্বরে জল জমে যাওয়ায় আটকে পড়েছেন প্রায় ২,৫০০ শিক্ষক ও পড়ুয়া। তীব্র এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও তাঁদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, ফুজিয়ানের ফুডিং শহরে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বন্যার জলের তোড়ে তলিয়ে গেছে এবং সম্পূর্ণ ডুবে রয়েছে একাধিক গাড়ি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধারকাজ দ্রুত গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির আকস্মিক পরিবর্তন হতে পারে, ফলে উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *