শুরুতেই ধুন্ধুমার! সৌরভের ‘বিগ বস বাংলা’-য় কড়া ভাষার ব্যবহার ও রোমহর্ষক ঝগড়া, ওয়াইল্ড কার্ডে কি এন্ট্রি নিচ্ছেন জীতু কমল?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাতে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমজমাটভাবে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। পর্দা উন্মোচনের পর থেকেই প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ, বন্ধুত্ব, মতবিরোধ এবং তীব্র বাকবিতণ্ডায় জমজমাট হয়ে উঠেছে এই শো। প্রথম দু’দিনেই শোয়ের অন্দরে একের পর এক বিতর্কিত মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে।
ভাষার মারপ্যাঁচে বিগ বসের কড়া ধমক:
উত্তেজনা তুঙ্গে উঠলেও শোয়ের ভাষা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতিযোগীদের কথোপকথনে মাত্রাতিরিক্ত ইংরেজি শব্দ ও অপশব্দের ব্যবহারে বেজায় চটেছেন দর্শকদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খোদ ‘বিগ বস’-এর তরফে কড়া নির্দেশ জারি করতে হয়। শোয়ের ‘ক্যাপ্টেন’ ভরত কলের সঙ্গে অভিনেত্রী তনুশ্রী রায়ের মতবিরোধ থেকেই মূলত অশান্তির সূত্রপাত। ভরতের অধিনায়কত্ব নিয়ে সরাসরি আপত্তি তুলে তনুশ্রী জানান, মানুষ বা ক্যাপ্টেন—কোনোটিকেই তাঁর পছন্দ নয়, ফলে ক্যাপ্টেনের নির্দেশ মানতেও তিনি বাধ্য নন।
এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত এবং তনুশ্রী রায় দাসকে শাস্তিস্বরূপ পাঠানো হয় ‘ডাগ হাউজ’-এ। সেখানে তাঁরা নিজেদের মতো রেশন সংগ্রহ করে আলাদা থাকতে শুরু করেন। এর মাঝেই ভরত ও তনুশ্রীর মধ্যে ফের কথা কাটাকাটি চরমে ওঠে। তনুশ্রীকে বাথরুম পরিষ্কার করার নির্দেশ দিয়ে ভরত জানান, নির্দেশ অমান্য করলে বাথরুম ব্যবহার করতে দেওয়া হবে না। বাকযুদ্ধ যখন হাতাহাতির পর্যায়ে পৌঁছানোর উপক্রম, ঠিক তখনই বেজে ওঠে ‘বিগ বস’-এর অ্যালার্ম।
প্রতিযোগীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ‘বিগ বস’ স্পষ্ট জানিয়ে দেন, এই ঘরে প্রতিটি প্রতিযোগীকেই গোটা বাংলা চেনে, তাই অতিরিক্ত ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। বাংলায় কথা বলার নির্দেশ দেওয়ার পাশাপাশি, বাঙালি না হয়েও বিদেশি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর যেভাবে ভাঙা ভাঙা বাংলায় কথা বলার চেষ্টা করছেন, তাঁর প্রশংসাও করা হয়।
জীতু কমলের এন্ট্রি নিয়ে দানা বাঁধছে রহস্য:
শোয়ের শুরুর এই হট্টগোলের মাঝেই নতুন করে জল্পনা শুরু হয়েছে জনপ্রিয় অভিনেতা জীতু কমলকে নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি ‘বিগ বস বাংলা’-র ঘরে ওয়াইল্ড কার্ড বা প্রতিযোগী হিসেবে পা রাখতে চলেছেন এই অভিনেতা। সম্প্রতি জীতুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনাকে উসকে দিয়েছে।
ওই পোস্টে অভিনেতা ইঙ্গিত দেন যে, তিনি শীঘ্রই একটি নন-ফিকশন রিয়্যালিটি শোয়ে অংশ নিতে চলেছেন। শুধু তাই নয়, সেই শোয়ে বিজয়ী হলে প্রাপ্ত পুরস্কারের অর্থের ৭৫ শতাংশই গৃহহীন মানুষ, অনাথ শিশু ও বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের দান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২৫ শতাংশ নিজের জন্য রেখে বাকি বিশাল অংকের টাকা সমাজসেবায় ব্যবহারের এই মানবিক ঘোষণা দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে জীতু কমলের হাতে নতুন কোনো সিরিয়াল না থাকায় এবং সিনেমার কাজ সদ্য শেষ হওয়ায় তাঁর এই ‘রহস্যময় নন-ফিকশন শো’ আসলেই কি ‘বিগ বস বাংলা’—তা নিয়ে নেটপাড়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও অভিনেতার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রথম সপ্তাহেই একের পর এক চমক ও বিতর্কে ভরপুর এই শোয়ে জীতু কমল সত্যি পা রাখেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।