‘বড় নেতারা মারপিট করে না, ছোট নেতারাই…!’ দাদাগিরি থেকে ফিরেই কোন বিস্ফোরক সত্য ফাঁস করলেন ISF বিধায়ক?

ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র বিশেষ রাজনৈতিক পর্বের রেশ এখনও কাটেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মঞ্চে সজল ঘোষ, মদন মিত্র, কুণাল ঘোষ, মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর উপস্থিতি নিয়ে চর্চা থামছেই না। এই তারকাখচিত এপিসোডের হ্যাংওভার যখন তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর একটি বিশেষ ভিডিও বার্তা, যা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও অরাজনৈতিক আলোচনা।
দাদাগিরি থেকে কত টাকা পেলেন নওসাদ?
ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় নওসাদকে বলতে শোনা যায়, ‘প্রায় দেড় ঘণ্টা সময় আপনারা দিয়েছেন। আমরা দাদাগিরির মঞ্চে ছিলাম। আপনারা এই এপিসোড দেখেছেন। আপনারা এই এপিসোড থেকে কী পেলেন? আমি ৩০ হাজার টাকা পেয়েছি। ভবিষ্যতে এই টাকাটা কী করব পরে বলব।’ তিনি আরও জানান, এর মধ্যে ৫ হাজার টাকা তিনি পেয়েছেন ‘এপিসোড চ্যাম্পিয়ন’ হওয়ার জন্য এবং বাকি ২৫ হাজার টাকা দ্রুত পয়েন্ট পাওয়ার সুবাদে। পাশাপাশি শোয়ের পক্ষ থেকে তাঁকে কিছু উপহারও দেওয়া হয়েছে।
রাজনীতির ময়দান বনাম ব্যক্তিগত জীবন:
দাদাগিরির মঞ্চের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে রাজনীতি নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বাস্তবসম্মত মন্তব্য করেন নওসাদ। তাঁকে বলতে শোনা যায়, ‘এই স্টেজটাকে দেখুন। আমি পাঁচ বছর ধরে বলে আসছি না, বড় নেতারা মারপিট করে না। ছোট নেতারাই বুথে মারপিট করে।’ প্রতিপক্ষ নেতাদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি জানান, ভোটের ময়দানে কুণাল ঘোষ, সজল ঘোষ কিংবা মদন মিত্রদের সঙ্গে রাজনৈতিক লড়াই এক ইঞ্চিও ছাড় ছাড় দেওয়া না হলেও ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব পড়ে না। সজল ঘোষের স্ত্রীর ফোন এলে তিনি যেমন হাসিমুখে জানান যে সজলদা ঠিক আছেন, তেমনই রাজনৈতিক ময়দানের বাইরে সৌহার্দ্যের ছবিটা স্পষ্ট করে দেন তিনি। নেটিজেনরাও নওসাদের এই স্পষ্টবাদী মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন।
এদিকে, দাদাগিরির মঞ্চে টলিউড সুপারস্টার দেবের সঙ্গে কথা বলার সময় নিজের সম্পর্কের স্থিতি নিয়েও মুখ খোলেন ৩৩ বছর বয়সি এই তরুণ বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বর্তমানে সম্পূর্ণ ‘সিঙ্গেল’ এবং তাঁর জীবনে বিশেষ কেউ নেই। আর এই শোয়ে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। সবমিলিয়ে, দাদাগিরির মঞ্চে নওসাদ সিদ্দিকীর উপস্থিতি এবং তাঁর মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।