সপ্তম পে কমিশন নিয়ে বিরাট আপডেট! রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হল নতুন ওয়েবসাইট, কীভাবে জানাবেন মতামত?

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন (Seventh Pay Commission) সংক্রান্ত প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের জন্য এবার আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হলো। এর মাধ্যমে কর্মীরা তাঁদের বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন মতামত ও প্রস্তাব সরাসরি জমা দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই পোর্টালে আবেদন ও প্রস্তাব পাঠানোর সুযোগ থাকছে।

কী জানাচ্ছে কমিশনের বিজ্ঞপ্তি?
কমিশনের তরফে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তথ্য প্রকাশ, তথ্য সংগ্রহ, স্মারকলিপি গ্রহণ এবং অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ—সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নতুন ওয়েবসাইটটি ব্যবহার করা হবে। ইতিমধ্যেই পোর্টালে স্মারকলিপি ও প্রস্তাব জমা দেওয়ার মডিউলটিও চালু করে দেওয়া হয়েছে।

কারা মতামত জানাতে পারবেন?
রাজ্য সরকারের বর্তমান কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সংগঠনকে বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুবিধা সংক্রান্ত বিষয়ে তাঁদের দাবি ও মতামত জানাতে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থ দপ্তরের গত ২২ জুলাই, ২০২৬-এর রেজোলিউশনে অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।

শুধু বিভিন্ন সংগঠনই নয়, ব্যক্তিগতভাবেও যেকোনো কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী নিজের মতামত ও প্রস্তাব সরাসরি জমা দিতে পারবেন। তবে এর জন্য কমিশনের নির্ধারিত অনলাইন মডিউলটিই বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।

অনলাইনেই জমা দেওয়ার কড়া নির্দেশ:
কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই জমা পড়া স্মারকলিপি ও প্রস্তাবগুলিকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কোনোভাবেই কাগজে লেখা স্মারকলিপি, হার্ড কপি, পিডিএফ (PDF) বা ই-মেলের মাধ্যমে পাঠানো কোনো প্রস্তাব বা দাবি গ্রহণ করা হবে না। ফলে রাজ্য সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীরা এখন সম্পূর্ণ ডিজিটালি নিজেদের দাবিদাওয়া পেশ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *