আর বারবার ইউজারনেম-পাসওয়ার্ড দিতে হবে না! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড়সড় নিয়ম বদলাচ্ছে গুগল

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড়সড় ঘোষণা করল টেক জায়ান্ট গুগল। ফোনে মেমোরি বা RAM-এর অতিরিক্ত ব্যবহার রোধ করতে এবং অ্যাপের কার্যক্ষমতা আরও উন্নত করতে প্লে-স্টোরের নিয়মে একগুচ্ছ বদল আনতে চলেছে সংস্থা। এর পাশাপাশি ফোন পরিবর্তনের পর বারবার লগইন করার ঝামেলা থেকেও মুক্তি দিতে আসছে দারুণ এক ফিচার।
মেমোরি ব্যবহারের নতুন মানদণ্ড
অ্যান্ড্রয়েড ডেভেলপারস ব্লগ-এ গুগল জানিয়েছে, প্লে-স্টোরে থাকা অ্যাপ এবং গেমগুলিকে এবার নির্দিষ্ট মেমোরি ব্যবহারের সীমা মেনে চলতে হবে। কোনো অ্যাপ যদি নির্ধারিত সীমার তুলনায় বেশি মেমোরি বা RAM ব্যবহার করে, তবে প্লে-স্টোরে সেগুলির অ্যাক্সেস সীমিত করে দেওয়া হতে পারে।
এই নিয়মের মূল লক্ষ্য হলো অ্যাপের ‘মেমোরি ফুটপ্রিন্ট’ কমানো এবং ডিভাইসের পারফরম্যান্স উন্নত করা। এর জন্য মূলত তিনটি বিষয়ের ওপর নজর দেওয়া হবে:
-
ডাইনামিক মেমোরি ইউজেজ (Dynamic Memory Usage): একটি অ্যাপ ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে কতটা প্রাইভেট মেমোরি ব্যবহার করছে, তা মাপা হবে। প্রতিটি ডিভাইসের সক্ষমতা অনুযায়ী এই সীমা নির্ধারিত হবে।
-
বিটম্যাপ মেমোরি (Bitmap Memory): ব্যাকগ্রাউন্ডে বা ক্যাশে অবস্থায় থাকার সময় অ্যাপগুলি বিটম্যাপের জন্য কতটা মেমোরি খরচ করছে, তা খতিয়ে দেখা হবে।
-
ডেক্স কোড অপ্টিমাইজেশান (DEX Code Optimisation): R8-এর মতো টুল ব্যবহার করে কোড অপ্টিমাইজেশনের ক্ষেত্রে অন্তত ২৫ শতাংশ কভারেজ নিশ্চিত করতে হবে।
আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্লে-স্টোরের সমস্ত অ্যাপ ও গেমের জন্য এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করা হবে।
সাইন-ইনের ঝঞ্ঝাট থেকে মুক্তি (Zero-Tap Sign-In)
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে সাইন-ইন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারী ফোন পরিবর্তন করে যখন নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে কোনো অ্যাপ ইনস্টল করবেন, তখন তাঁর লগইন স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে রিস্টোর হয়ে যাবে।
এর জন্য অ্যাপগুলিকে ‘অ্যান্ড্রয়েড রিস্টোর ক্রেডেনশিয়ালস এপিআই’ (Android Restore Credentials API) ব্যবহার করতে হবে। অর্থাৎ, নতুন ফোনে অ্যাপ নামানোর পর বারবার ইউজারনেম, পাসওয়ার্ড বা অন্যান্য লগইন তথ্য দিয়ে সাইন-ইন করার পুরনো ঝামেলা আর পোহাতে হবে না। এই নতুন ‘জিরো-ট্যাপ সাইন-ইন’ সুবিধাটি কার্যকর হবে ২০২৭ সালের এপ্রিল মাস থেকে। গুগলের এই যুগান্তকারী পদক্ষেপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতা যে অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হবে, তা বলাই বাহুল্য।