সময়মতো লোন শোধ করেও সিভিল স্কোর খারাপ হচ্ছে? কোন গোপন ভুলে ভবিষ্যতে ঋণ মিলবে না জানুন!

আমরা অনেকেই বিভিন্ন খাতে ঋণ নিই এবং নিয়ম মেনে সময়মতো তা পরিশোধও করি। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় হঠাৎ করেই ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এর ফলে ভবিষ্যতে ঋণ পেতে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে, এমনকি চড়া সুদের হারের মুখোমুখিও হতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু সময়মতো কিস্তি দেওয়াটাই ক্রেডিট স্কোরের একমাত্র নির্ধারক নয়। জেনে নিন, কোন সাধারণ ভুলের কারণে আপনার ক্রেডিট স্কোর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
১. ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার:
ধরে নেওয়া যাক, আপনার ক্রেডিট কার্ডের সর্বোচ্চ লিমিট ১ লক্ষ টাকা। তার মানে এই নয় যে প্রতি মাসেই তার ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ করতে হবে। এর ফলে ঋণদাতারা মনে করতে পারেন যে আপনি অতিরিক্ত মাত্রায় ক্রেডিটের উপর নির্ভরশীল, যা আপনার ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব ফেলে।
২. বারবার লোনের জন্য আবেদন:
একসঙ্গে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণের আবেদন করা ক্রেডিট স্কোরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে প্রতিটি আবেদনের জন্য ‘হার্ড ইনকোয়ারি’ (Hard Inquiry) তৈরি হয়, যা ঋণদাতাদের কাছে আপনার আর্থিক অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।
৩. পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া:
অনেকেই দীর্ঘদিন ব্যবহার না করা পুরোনো ক্রেডিট কার্ড হুট করে বন্ধ করে দেন। অথচ এই পুরোনো অ্যাকাউন্টই আপনার দীর্ঘ ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে সাহায্য করে। এটি বন্ধ করলে আপনার মোট ক্রেডিট হিস্ট্রি যেমন কমে যায়, তেমনই ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪. ক্রেডিট রিপোর্টে ভুল তথ্য:
অনেক সময় আপনার কোনো ভুল না থাকলেও রিপোর্টে থাকা ভুল তথ্যের কারণে ক্রেডিট স্কোর কমে যেতে পারে। ভুল করে অন্য কারও লোন আপনার নামে যুক্ত হওয়া বা বহু আগে বন্ধ হয়ে যাওয়া লোন ফের অ্যাক্টিভ দেখানোর মতো সমস্যা সিভিল স্কোরে বড় ধাক্কা দেয়। তাই নিয়মিত নিজের ক্রেডিট স্কোর যাচাই করা এবং কোনো ভুল দেখলে তা দ্রুত সংশোধন করা অত্যন্ত জরুরি।