‘তৃণমূলের মরা গাঙে জল দিচ্ছে বিজেপি!’ ভোটের পরই কোন বিস্ফোরক ‘সেটিং’ ফাঁস করলেন নওশাদ সিদ্দিকী?

বিধানসভা নির্বাচন মিটতেই ফের একবার রাজ্য রাজনীতিতে ‘বিজেপি-তৃণমূল সেটিং’ তত্ত্ব নিয়ে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে, রাজ্যে আইএসএফ, বাম ও অন্যান্য বিরোধী শক্তির উত্থানে বিজেপি আতঙ্কিত। আর সেই কারণেই ভোটের আগে যে তৃণমূলকে কোণঠাসা বলে মনে হচ্ছিল, ভোটের পরে সেই শাসকদলকেই ফের রাজনৈতিক ময়দানে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির।

তদন্ত ও ‘কাকু’ প্রসঙ্গ নিয়ে তোপ:

সাংবাদিক বৈঠকে পুরনো একাধিক দুর্নীতির মামলার তদন্ত থমকে যাওয়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন নওশাদ। তিনি বলেন, সিআইডির তৎপরতা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে হঠাৎ কেন আটকে গেল? সেই প্রসঙ্গেই প্রতীকী ‘কাকু’র প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, “সেই কাকুর বিখ্যাত ডায়লগটা আমার মনে পড়ে গেল, ‘আমার বস পর্যন্ত পৌঁছাতে পারবে না।’ সেই কাকুর ভয়েস টেস্ট এখন কোন পর্যায়ে আছে?”

পাশাপাশি ২৬ হাজার চাকরি বাতিল ও বিগত মন্ত্রিসভার ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে আইএসএফ বিধায়ক দাবি করেন, দুর্নীতিগুলোকে যদি সত্যি কঠোরভাবে ধাওয়া করা হতো, তবে আগের পুরো ক্যাবিনেটেরই জেলে থাকা উচিত ছিল। তাঁর অভিযোগ, বিজেপি সত্যিই যদি তৃণমূলকে রাজনৈতিকভাবে শেষ করতে চাইত, তবে পুরনো দুর্নীতির তদন্তে আরও কড়া পদক্ষেপ দেখা যেত। উলটে তৃণমূলকে ‘বাজারে’ টিকিয়ে রাখার রাজনীতি চলছে, যার ফলে বিরোধীদের রাজনৈতিক পরিসর সংকুচিত হচ্ছে বলে দাবি করেছেন নওশাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *