ফ্যামিলি স্কুটার নাকি স্পিড ডেমন? নতুন Ather Konarc বনাম জনপ্রিয় 450 সিরিজের মধ্যে সেরা বাছবেন কীভাবে?

বাজারে আসার পর থেকেই ইভি প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার Ather Konarc। একদিকে যখন এই মডেলটি পরিবার ও দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে, অন্যদিকে Ather-এর দীর্ঘদিনের জনপ্রিয় 450 সিরিজ বরাবরই তার স্পোর্টি ডিজাইন ও হাই-পারফরম্যান্সের জন্য পরিচিত। আপনার দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে এই দুই স্কুটারের মধ্যে কোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে, তা একনজরে দেখে নেওয়া যাক।
দাম এবং ভ্যারিয়েন্টের ফারাক:
-
Ather Konarc: এই স্কুটারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে (S 100 KM ভ্যারিয়েন্ট)। এছাড়া S 125 KM ভ্যারিয়েন্টের দাম ১,২১,৯৯৯ টাকা এবং S 161 KM ভ্যারিয়েন্টের দাম ১,৪৪,৯৯৯ টাকা। এর কিছু ভ্যারিয়েন্টের ডেলিভারি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।
-
Ather 450 সিরিজ: এই সিরিজের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। 450S মডেলের দাম ১.২৮ লাখ থেকে ১.৪৬ লাখ টাকা, 450X-এর দাম ১.৪৮ লাখ থেকে ১.৫৮ লাখ টাকা এবং প্রিমিয়াম 450 Apex-এর দাম শুরু হচ্ছে ১.৮৫ লাখ টাকা থেকে।
ব্যাটারি ও রেঞ্জ:
-
Konarc-এ তিনটি ব্যাটারি অপশন (2.1kWh থেকে 3.5kWh) রয়েছে, যেখান থেকে ১০০ থেকে ১৬১ কিমি পর্যন্ত IDC রেঞ্জ পাওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি এতে সাধারণ বাড়ির সকেট থেকে চার্জ করার জন্য 450W অনবোর্ড চার্জার রয়েছে।
-
অন্যদিকে 450 সিরিজে রয়েছে 2.9kWh এবং 3.7kWh ব্যাটারি অপশন, যা প্রায় ১২২ থেকে ১৬১ কিমি পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকে।
পারফরম্যান্স ও গতি:
-
Konarc মূলত শহরের শান্ত ও আরামদায়ক যাতায়াতের জন্য তৈরি। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি।
-
পক্ষান্তরে, 450 সিরিজ গতি ও পারফরম্যান্সের দিক থেকে অনেক এগিয়ে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি এবং ০ থেকে ৪০ কিমি গতি তুলতে সময় নেয় মাত্র ৩.৩ থেকে ৩.৯ সেকেন্ড।
ডিজাইন ও স্টোরেজ:
ফ্যামিলি রাইডের কথা মাথায় রেখে Konarc-এ দেওয়া হয়েছে বিশাল ৩১ লিটারের আন্ডার-সিট স্টোরেজ, মেটাল বডি প্যানেল এবং পিছনের যাত্রীদের জন্য কুশনযুক্ত ব্যাকরেস্ট। অপরদিকে, 450 সিরিজের স্টোরেজ কিছুটা কম (প্রায় ২২ লিটার) এবং এর লুক ও হ্যান্ডলিং সম্পূর্ণ স্পোর্টি।
আপনার জন্য কোনটা উপযুক্ত?
আপনি যদি কম বাজেটে একটি আরামদায়ক ফ্যামিলি স্কুটার খুঁজেন, যার স্টোরেজ বেশি এবং দৈনন্দিন চলাফেরায় পকেটে টান পড়ে না, তবে Ather Konarc আপনার জন্য সেরা বিকল্প। আর যদি আপনার পছন্দ হয় দ্রুত গতি, স্পোর্টি রাইডিং এবং আধুনিক স্মার্ট ফিচার, তবে চোখ বুজে বেছে নিতে পারেন Ather 450 সিরিজ।